প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও সংযুক্ত আরব আমীরশাহীকে হারিয়ে আগেই মহিলাদের এশিয়া কাপে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল। লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৮২ রানে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় দল। ‘এ’ গ্রুপে শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত। গ্রুপে রানার্স হয়েছে পাকিস্তান। দুরন্ত ব্যাটিং করে নেপালের বিরুদ্ধে ভারতের জয়ের ভিত গড়ে দেন জয় নিশ্চিত করেন শেফালী ভার্মা।
নেপালের বিরুদ্ধে এদিন দুটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কাউর বিশ্রাম নেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে, পুজা বস্ত্রকারের জায়গায় প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় অরুন্ধতী রেড্ডিকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্ধানা। মান্ধানার পরিবর্তে এদিন শেফালীর সঙ্গে ওপেন করতে নামেন দয়ালান হেমলতা। দুজনই দুরন্ত ব্যাটিং করেন। ওপেনিং জুটিতে ভারত তোলে ১২২।
১৪তম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় ভারত। ৪২ বলে ৪৭ রান করে আউট হন হেমলতা। শেফালী যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি প্রাপ্য ছিল। কিন্তু স্পিনার সীতা রানা মাগরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। ৪৮ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন শেফালী ভার্মা। মারেন ১২টি ৪ ও ১টি ৬। সজীবন সজনা ১২ বলে ১০ রান করে আউট হন। ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নেপাল। সমঝনা খাদকে (৭) তুলে নেন অরুন্ধতী রেড্ডি। এরপর কবিতা কুনওয়ারকে (৬) ফেরান রেণুকা সিং। তৃতীয় উইকেটের জুটিতে কিছুটা এগিয়ে যায় নেপাল। অধিনায়ক ইন্দু বর্মা (১৪) ফিরতেই ধস নামে নেপালের ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রানের বেশি তুলতে পারেনি। ১৮ রান করেন সীতা রানা। বিন্দু রাওয়াল করেন ১৭। দুরন্ত বোলিং করে ১৩ রানে ৩ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডি ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন শেফালী ভার্মা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.