ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের সেদেশে প্রবেশাধিকার বন্ধ করার সিদ্ধান্ত নিল ইরান সরকার। ২২ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণের জন্য, এমনকি অন্যদেশে ভ্রমম করার সময় সে দেশের বিমানবন্দরগুলিকে ট্রানজিশন পয়েন্ট হিসাবে ব্যবহার করার জন্য ভিসা থাকতে হবে। ইরান সরকারের এই সিদ্ধান্ত সে দেশের ভ্রমণ নীতিতে একটা বড় পরিবর্তন। ভারতীয় বিদেশমন্ত্রক অপহরণ এবং চাকরি জালিয়াতির মতো বিষয়গুলি তুলে ধরার পর ইরানের এই সিদ্ধান্ত।
এর আগে ভারতীয়রা কিছু শর্তে ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করতে পারতেন। অন্যান্য দেশে যাওয়ার জন্য ইরানের বিমানবন্দরগুলিকে ট্রানজিশন পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারতেন। ইরান সরকারের নতুন এই নিয়ম সে দেশের ভ্রমণ নীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগের নীতির লক্ষ্য ছিল মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত এবং গভীর করা। দেশে আরও বেশি সংখ্যক পর্যটক টানতে ভিসা ছাড়াই ভারতীয়দের প্রবেশাধিকার দেওয়ার জন্যই এই নীতি চালু করেছিল ইরান সরকার।
ইরানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকার ২২ নভেম্বর ২০২৫ থেকে ইরানে ভ্রমণকারী সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের সুবিধা বন্ধ করে দিচ্ছে। অপরাধীরা যাতে ভিসা ছাড়াই ইরানে প্রবেশের সুবিধার অপব্যবহার রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইরানের মধ্য দিয়ে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরান ভ্রমণে ইচ্ছুক সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইরান হয়ে তৃতীয় দেশে ভিসামুক্ত ভ্রমণ বা পরবর্তী ট্রানজিট প্রদানকারী এজেন্টদের এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
বিবৃতিতে ইরানের বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ‘ভারতীয় নাগরিকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অথবা তৃতীয় দেশে যাওয়ার আশ্বাস দিয়ে ইরানে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই ইরানে প্রবেশের সুবিধার সুযোগ নিয়ে এই ব্যক্তিদের প্রতারিত করা হয়েছিল। ইরানে পৌঁছানোর পর তাদের অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল।’
নতুন নিয়ম অনুসারে ভারতীয়দের এখন ইরানের ভিসার জন্য আগে থেকে আবেদন করতে হবে এবং বিমানে ওঠার আগে ভিসা থাকতে হবে। এছাড়াও, যারা ইরানে ভ্রমণ করবেন না, কিন্তু মধ্য এশিয়ার অন্যান্য দেশে যাওয়ার জন্য ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করবেন, তাদেরও বৈধ ইরানি ভিসা নিতে হবে। সব বিমান সংস্থাকে এখন তাদের সঙ্গে ভ্রমণকারী ব্যক্তিদের ভিসার অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারত ও ইরানের মধ্যে সবসময়ই ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের গর্বের কারণে, প্রতি বছর অনেক ভারতীয় এখানে আসেন।