সোমবার রাত থেকেই কনকনে ঠান্ডা। মঙ্গলবার ভোর থেকেই শীতের কামড় আরও তীব্র। তাপমাত্রার পারদ একধাক্কায় নেমে গেল ১০ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ তাপমাত্রার পারদের পতন স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আর দমদমে তাপমাত্রা নেমে গেল ৯ ডিগ্রিতে। এবারের শীতে রেকর্ড ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া বুলেটিনে জামা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি। সেটিও স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। এখনও পর্যন্ত ১১ ডিগ্রির ঘরে পারদ ঘোরাফেরা করলেও এই শীতের মরশুমে প্রথমবার ১০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা৷ যা সাম্প্রতিককালে দেখা যায়নি৷ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমে ছিল ১১.২ ডিগ্রি। গভীর রাত থেকেই তাপমাত্রার পারদ চড়চড় করে নামতে থাকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সাম্প্রতিককালে এই রকম শীত দেখেনি কলকাতা। প্রতিবছর শহরবাসীর মনে শীত নিয়ে ক্ষোভের ছায়া দেখা যায়। কারণ নভেম্বরে শীতের সিকি ভাগ অনুভূতি মেলে না। ডিসেম্বরে শীতটা টের পাওয়া গেলেও, তা মাত্র কয়েকদিনের জন্য। জানুয়ারি মাস আসতেই রোদের তেজ বেড়ে যায়। অবশ্য এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। উল্টে ভেঙে গিয়েছে গত ১৮ বছরের রেকর্ড। এক কথায়, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। একই অবস্থা উত্তরবঙ্গ এবং সমগ্র দক্ষিণবঙ্গেও।
শুধু কলকাতাই নয় গোটা রাজ্য হাড়কাঁপানো শীতের কবলে। ভোর থেকেই কুয়াশার দাপট। জেলাগুলিতে ঘন কুয়াশার দাপটে ভোর থেকেই দৃশ্যমানতা অনেকটাই কম। ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বহু ট্রেন দেরিতে চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। তবে সূর্ষের মুখ দেখতে রাজ্যবাসীর দুপুর গড়িয়ে যাবে। আকাশ অবশ্য মেঘমুক্ত থাকবে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুসারে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির আশেপাশে নেমেছিল। তবে এত কম হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ ও কুয়াশা কেটে গেলেই উত্তুরে বাতাস প্রবেশ করবে। ফলে কলকাতাসহ গোটা রাজ্যের তাপমাত্রা আরও কমবে। আবহাওয়ার পূর্বাভাসে হালকা বৃষ্টির কথাও বলা হয়েছে।
শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নীচে থাকবে। সর্বোচ্চ বা দিনের তাপমাত্রাও নিম্নমুখী থাকবে। ফলে দিনের বেশিরভাগ সময় তীব্র শীতের কামড় থাকবে। মুর্শিদাবাদ ও নদিয়া ঘন কুয়াশা ঢেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে গেছে।