রিয়েল এস্টেটের ভবিষ্যত গঠনে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে আলোচনার জন্য ‘টেককন ২০২৬’–এর আয়োজন করল ক্রেডাই (CREDAI) কলকাতা। রিয়েল এস্টেট প্রকল্পের পরিকল্পনা, উন্নয়ন, বিপণন ও ব্যবস্থাপনার পদ্ধতিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে রিয়েল এস্টেটের শীর্ষকর্তা, প্রযুক্তিবিদ এবং রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিই প্রদীপ জ্বালিয়ে ‘টেককন ২০২৬’–এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। অগ্নিমিত্রা পল বলেন, ‘সারা দেশ থেকে প্রায় ১৭টি কোম্পানি এই টেককন ২০২৬–এ যোগ দিয়েছে। ক্রেডাই কলকাতাকে ধন্যবাদ এই ধরণের অনুষ্ঠান করার জন্য। আমার দফতরের অফিসিয়ালদের বলব, এই ধরণের অনুষ্ঠানে যোগ দিয়ে কীভাবে দফতরকে উন্নত করা যায়, তা দেখতে।’ তিনি আরও বলেন, ‘রিয়েল এস্টেটের সঙ্গে কীভাবে এআই যুক্ত হচ্ছে, কীভাবে নতুন নতুন প্রযুক্তি আসছে, তা কাজে লাগাতে আমার দফতর আগ্রহী। এটা কলকাতা ক্রেডাইয়ের ভাল উদ্যোগ।’
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত এবং ভবিষ্যতের উপযোগী একটি রিয়েল এস্টেট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেককন ২০২৬’–এ এমন সব উদীয়মান সমাধানের ওপর আলোকপাত করা হয়, যা এই খাতে দক্ষতা, উৎপাদনশীলতা, টেকসই ব্যবস্থা এবং গ্রাহকসেবার মান উন্নত করতে সক্ষম।
এই অনুষ্ঠানে রিয়েল এস্টেট শিল্পের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও জেনএআই, ইআরপি সলিউশন, সিআরএম ও সেলস অটোমেশন, চ্যাটবট ও কনভারসেশনাল এআই, নির্মাণ প্রযুক্তি, বিআইএম ও ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ড্রোন প্রযুক্তি, স্মার্ট বিল্ডিং সলিউশন, ডেটা অ্যানালিটিক্স, লিগ্যাল টেক, এইচআর ও পে-রোল অটোমেশন এবং প্রপটেক ইনোভেশন ।
ক্রেডাই কলকাতা টেককনের চেয়ারম্যান গৌরব বেলানি বলেন, ‘কলকাতার আবাসন শিল্প এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শহরের সম্প্রসারণ এবং আবাসন খাতের পরিকল্পনা, বিপণন, নির্মাণ ও ব্যবস্থাপনার পদ্ধতিতে প্রযুক্তির প্রভাবে যে পরিবর্তন আসছে, তার পরিপ্রেক্ষিতে আজ আমরা যে সিদ্ধান্তগুলো নেব, তা–ই আমাদের এই শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। এ কারণেই ‘টেককন ২০২৬’ গুরুত্বপূর্ণ।’