গুরু নানক দেবের জন্মবার্ষিকী উদযাপনের জন্য পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে যান এক মহিলা শিখ তীর্থযাত্রী। পাকিস্তানে গিয়ে ধর্ম পরিবর্তন করে তিনি একজন পাকিস্তানি পুরুষকে বিয়ে করেছেন বলে জানা গেছে। পাঞ্জাবের কাপুরথালা জেলার বাসিন্দা সরবজিৎ কাউর নামে ওই তীর্থযাত্রীকে শনাক্ত করা হয়েছে।
পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছর বয়সী সরবজিৎ কাউর এবং অন্যান্য শিখ তীর্থযাত্রীরা ধর্মীয় মন্দির পরিদর্শনের জন্য দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ৪ নভেম্বর ওয়াঘা–আটারি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তানে প্রায় ১০ দিন কাটানোর পর ১৩ নভেম্বর ১৯৯২ জন শিখ তীর্থযাত্রী ভারতে ফিরে আসে। কিন্তু সরবজিৎ কাউর ফিরে আসেননি।
সরবজিৎ কাউর নিখোঁজ হওয়ার পর একটা ‘নিকাহনামা’ (ইসলামিক বিবাহ চুক্তি) সামনে এসে পড়েছে। এই ‘নিকাহনামা’–তে বলা হয়েছে, সরবজিৎ কাউর লাহোর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেছেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম পরিবর্তন করে নূর রেখেছিলেন। সরবজিৎ কাউরের দীর্ঘদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর প্রাক্তন স্বামী কর্নাইল সিং দুই ছেলেকে নিয়ে প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন।
আরও পড়ুনঃ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে অভিযুক্ত, ৪ ডাক্তারের রেজেস্ট্রেশন বাতিল করল জাতীয় মেডিকেল কমিশন
আরও পড়ুনঃ সন্ত্রাসীদের মজুত করা বিস্ফোরকে ধ্বংস শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশন, মৃত ৯, আহত ২৫, অনেকের অবস্থা আশঙ্কাজনক
সরবজিৎ সিংয়ের পাসপোর্ট পাঞ্জাবের মুক্তসর জেলা থেকে ইস্যু করা হয়েছিল। নথিপত্র থেকে জানা গেছে যে, তিনি পাকিস্তানে নিখোঁজ হয়ে গেছেন। পাকিস্তান থেকে ভারতে ফিরে আসার অভিবাসন রেকর্ডে তাঁর নাম নেই। সরবজিৎ দেশে ফিরে না আসায় ভারতের ইমিগ্রেশন বিভাগ তাৎক্ষণিকভাবে পাঞ্জাব পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ অন্যান্য ভারতীয় সংস্থাগুলিতেও রিপোর্ট পাঠিয়েছে। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, ভারতীয় মিশন সরবজিতের নিখোঁজ হওয়ার ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
শিখদের শীর্ষ সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি প্রতি বছর ঐতিহাসিক গুরুদ্বারগুলিতে শ্রদ্ধা জানাতে পাকিস্তানে তীর্থযাত্রীদের একটা প্রতিনিধি দল পাঠায়, বিশেষ করে গুরু নানকের আত্মপ্রকাশ পর্বে। গত মাসে, সরকার নিরাপত্তার কারণে ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করার প্রায় দুই সপ্তাহ পরে, সীমান্তের ওপারে নানকানা সাহেব মন্দিরে ১০ দিনের তীর্থযাত্রা করার অনুমতি দেয় শিখ ভক্তদের।