ভারতে ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগে সম্প্রসারণের ব্যাপারে উদ্যোগী হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই ব্যাপারে তিনি দক্ষিণ আফ্রিকার বহুজাতিক ইন্টারনেট ও প্রযুক্তি সংস্থা ন্যাস্পার্সের চেয়ারম্যান কুস বেকার এবং সিইও ফ্যাব্রিসিও ব্লোইসির সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও বৈঠক করেন।
জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা গেছেন নরেন্দ্র মোদী। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি এই সফরকে ভারতের ব্যাবসা–বাণিজ্যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন। সেই লক্ষ্যে তিনি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বহুজাতিক ইন্টারনেট ও প্রযুক্তি সংস্থা ন্যাস্পার্সের চেয়ারম্যান কুস বেকার এবং সিইও ফ্যাব্রিসিও ব্লোইসির সাথে দেখা করেন। ন্যাস্পার্সের দুই শীর্ষ কর্তার সঙ্গে আলোচনায় ভারতের ডিজিটাল ইকোসিস্টেম, এআই, স্টার্টআপ এবং মহাকাশ খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং ভোক্তা বাজার ও প্রযুক্তিতে নতুন পথ অন্বেষণ, এই বিষয়গুলির ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ন্যাস্পার্সের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে ভারতের ডিজিটাল ইকোসিস্টেম, এআই, স্টার্টআপ এবং মহাকাশ খাতে বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপারে আলোচনা হয়েছে।’ পোস্টে রণবীর জয়সওয়াল আরও লিখিছেন, ‘ভারতে ন্যাস্পার্সের সাফল্য ব্যবসা করার সহজতা এবং ভারতে স্টার্টআপ ইকোসিস্টেমের শক্তি প্রতিফলিত করে।’
আরও পড়ুনঃ কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর শ্লীলতাহানি অধ্যাপকের! তুমুল বিক্ষোভ, অপসারিত বিভাগীয় প্রধান
এছাড়াও নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও দেখা করেন। দুই দেশের এই শীর্ষ নেতারা প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, বাণিজ্য ও বিনিয়োগ এবং জনগণ থেকে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে তাঁর খুব ভালো বৈঠক হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্ব পাঁচ বছর পূর্ণ করেছে। মোদী বলেন, ‘আলোচনায় তিনটি মূল ক্ষেত্র, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পারমাণবিক শক্তি এবং বাণিজ্যের ওপর আলোকপাত করা হয়েছে। আলোচনায় শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে অন্যান্য ক্ষেত্রগুলিও অন্তর্ভুক্ত ছিল। জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই মোদী আলবানিজের সঙ্গে দেখা করেন।
জি–২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মোদী তাঁর কর্মসূচীর অংশ হিসেবে বিশিষ্ট সম্প্রদায়ের সংগঠনগুলির প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বহুপাক্ষিক ফোরামে তাঁর সফরকালে মোদী এই আলাপচারিতায় প্রবাসীদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেছেন যে, জোহানেসবার্গে ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তাদের সহ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই প্রবাসী উদ্যোক্তারা ফিনটেক, সোশ্যাল মিডিয়া, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজের পদ্ধতি ভাগ করে নিয়েছেন। মোদী তাঁদের ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে উৎসাহিত করেছেন।