জাতিগত হিংসার কারণে দীর্ঘদিন ধরে অশান্ত ছিল মণিপুর। পরিস্থিতি ক্রমশ শান্ত হয়ে আসছিল। এই অবস্থায় আবার নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। মেইতেই সম্প্রদায়ের এক যুবককে অপহরণ করে গুলি করে হত্যা করা হয়েছে। চুরাচাঁদপুর জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা ওই যুবককে অপহরণ করে এবং পরে হত্যা করে। তবে তাঁর স্ত্রীর কোনও ক্ষতি করেনি কুকি জঙ্গিরা। কারণ ওই যুবকের স্ত্রী কুকি–জো সম্প্রদায়ের।
পুলিশ জানিয়েছে, বুধবার তুইবং এলাকার বাড়ি থেকে এম ঋষিকান্ত সিংকে অপহরণ করা হয়। অপহরম করার পর তাঁকে নাটজাং গ্রামের কাছে নিয়ে গিয়ে গুলি করা হয়। সন্দেহভাজন অপহরণকারীরা ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির ক্যাডার বলে মনে করা হচ্ছে। এই জঙ্গি সংগঠন ‘সাসপেনশন অফ অপারেশনস’ চুক্তিতে স্বাক্ষর করেনি। শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার এবং বেশ কয়েকটা কুকি জঙ্গি গোষ্ঠীর মধ্যে ‘সাসপেনশন অফ অপারেশনস’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মেইতেই সম্প্রদায়ের ঋষিকান্ত সিং একজন কুকি মেয়েকে বিয়ে করেছিলেন। কাকচিং জেলার কাকচিং খুনোউয়ের বাসিন্দা ঋষিকান্ত চুরাচাঁদপুরের চিংনু হাওকিপকে বিয়ে করেন। বিয়ের পর তিনি আদিবাসী নাম, জিনমিনথাং গ্রহণ করেছিলেন। সম্প্রতি ১৯ জানুয়ারি নেপাল থেকে চুরাচাঁদপুরে ফিরে এসেছিলেন ঋষিকান্ত। তিনি বলেছিলেন যে, কিছু স্থানীয় গোষ্ঠী তাঁকে কুকি স্ত্রীর সঙ্গে বসবাস করার অনুমতি দিয়েছে।
পুলিশ জানিয়েছে, জঙ্গিরা স্বামী–স্ত্রীকে অপহরণ করে হেংলেপ থানা এলাকার নাটজাংয়ে নিয়ে যায়। সেখানেই ঋষিকে গুলি করে হত্যা করা হয়। ঋষিকে খুন করার পর জঙ্গিরা তাঁর স্ত্রীকে ছেড়ে দেয়। এই ভয়াবহ ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খুন হওয়ার আগে ঋষি হাত জোড় করে জঙ্গিদের কাছে প্রাণভিক্ষা চাইছেন। খবর পেয়ে পুলিশ নাটজং গ্রাম থেকে ঋষির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, খুনের একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রায় আড়াই বছর আগে, ২০২৩ সালের মে মাসে, মণিপুরে জাতিগত হিংস শুরু হয়। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। কুকি এবং মেইতেই সম্প্রদায় একে অপরের এলাকায় প্রবেশ করতে রাজি ছিল না। যার ফলে রাজ্যটি জাতিগতভাবে বিভক্ত হয়ে পড়ে। জাতিগত হিংসায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।