১৬ দিন পরেই টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেছে ভারত। ভারতের কাছে এই সিরিজই আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের জন্য সূর্যকুমার যাদবের দল যে দারুণভাবে তৈরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুঝিয়ে দিল। সিরিজের প্রথম ম্যাচেই ৪৮ রানে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয়ের ভিত গড়ে দেন অভিষেক শর্মা। সেঞ্চুরি হারালেও এই ম্যাচে ৫টি রেকর্ড গড়েছেন তিনি।
শুধু জয়ের ভিত গড়ে দেওয়াই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়েকটা রেকর্ডও গড়ে ফেললেন অভিষেক। এদিন মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান ভারতের এই বিধ্বংসী ওপেনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এছাড়াও আরও একটা নজির গড়েছেন অভিষেক। ভেঙে দিয়েছেন গুরু যুবরাজ সিংয়ের টি২০ কেরিয়ারে মারা ৭৩ ছক্কার রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ছক্কা মারার সঙ্গে সঙ্গে তিনি যুবরাজ সিংকে ছাপিয়ে যান। ম্যাচে ৩৫ বল খেলে ২৪০.০০ স্ট্রাইক রেটে ৮৪ রান করেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৮টি ছক্কা।
আরও রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। টি২০ কেরিয়ারে অষ্টমবারের মতো ২৫–এর কম বলে হাফ সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ফিল সল্ট, সূর্যকুমার যাদব এবং এভিন লুইসের মতো তারকা ব্যাটারদের ৭ বার এই কৃতিত্ব রয়েছে। এছাড়াও টি২০ ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন অভিষেক। আরও একটা একটা নজির গড়েছেন তিনি। ২০০+ স্ট্রাইক রেট নিয়ে ভারতের সবচেয়ে সফল টি২০ হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়ে যুবরাজ সিংকে ছাপিয়ে গেছেন। এটা ২০০+ স্ট্রাইক রেট নিয়ে তাঁর টানা ষষ্ঠ হাফ সেঞ্চুরি, যা যুবরাজ সিংয়ের পাঁচবারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
আরও পড়ুনঃ ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখান, বাংলাদেশকে ২৪ ঘন্টা সময় দিল আইসিসি, না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড
টস হেরে প্রথমে ব্যাট করতে নামতে হলেও ভারতীয় ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলতে সক্ষম হয় ভারত। অভিষেক শর্মা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। অধিনায়ক সূর্যকুমার যাদবও করেন ৩২ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়া ২৫ রান করেন। ইনিংসের শেষ দিকে ঝড় তুলে রিঙ্কু সিং ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা ছিল। এদিকে নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং কাইল জেমিসন ২টি করে উইকেট নেন। ক্রিশ্চিয়ান ক্লার্ক, মিচেল স্যান্টনার এবং ইশ সোধি একটি করে উইকেট নেন।
২৩৯ রানের বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে (০) তুলে নেন অর্শদীপ সিং। এরপর দ্বিতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে (১) আউট করেন হার্দিক পান্ডিয়া। গ্লেন ফিলিপস বিস্ফোরক ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। ৪০ বলে ৪টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন ফিলিপস। মার্ক চ্যাপম্যানও ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন। একদিনের সিরিজে দুর্দান্ত খেলা ড্যারিল মিচেল ১৮ বলে ২৮ রান করেন। কিন্তু তা দলের জন্য যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান করতে সক্ষম হয়। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে ২টি করে উইকেট নেন।