বোলারদের ব্যর্থতায় কর্নেল সিকে নাইডু ট্রফিতে বাংলার বিরুদ্ধে বড় রান অন্ধ্রপ্রদেশের
রনজি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সিনিয়র দল ৩ পয়েন্ট ঘরে তুললেও অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলার ভান্ডারে কোনও পয়েন্ট ঢুকছে না। বাংলার বোলারদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম ইনিংসে অনেকটাই এগিয়ে গেল অন্ধ্র।
বাংলার বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে বড় রান অন্ধ্রপ্রদেশের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৪
Share on:
রনজি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সিনিয়র দল ৩ পয়েন্ট ঘরে তুললেও অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলার ভান্ডারে কোনও পয়েন্ট ঢুকছে না। বাংলার বোলারদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম ইনিংসে অনেকটাই এগিয়ে গেল অন্ধ্র। তৃতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশ তুলেছে ৬ উইকেটে ৪৪৯। এর আগে বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৪ রানে।
ব্যাট করতে নেমে প্রথম দিনের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলা। ৬ ওভারের মধ্যেই ৯ রানে ৪ উইকেট হারিয়েছিল। পঞ্চম উইকেটের পতন ঘটে ৩৮ রানের মাথায়। সাহিত্য হাজরা (৫), রোহিত রাম (৪), অধিনায়ক প্রয়াস রায়বর্মন (০), পারমিত সিং (০), রাহুল চৌধুরি (১০) ফিরে যান। এরপর অনুজ কুমার সিংয়ের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন আমনজ্যোত। ১০৫ রানের মাথায় আউট হন আমনজ্যোত (২৮)। অনুজ সিং (৮৪) ও রাহুল প্রসাদের (৮১) সৌজন্যে ২৪৪ রানে পৌঁছয় বাংলা।
ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় অন্ধ্রপ্রদেশ। হর্ষবর্ধনকে (১৩) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন সঈদ ইরফান আফতাব। এরপর অধিনায়ক রেবন্ত রেড্ডি ও জিএস তেজা জুটিকে টলাতে পারেননি বাংলার বোলাররা। দুজনের জুটিতে ওঠে ২৪০ রান। ৮২ রান করে সুখমিত সিংয়ের বলে আউট হন তেজা। ভেঙ্কট রাহুল করেন ৬০। তিনি প্রয়াসের শিকার। দুরন্ত ব্যাটিং করে ১৮৩ রানের ইনিংস খেলে রাহুল প্রসাদের বলে আউট হন রেবন্ত রেড্ডি। ধারানি কুমার ৪২ রানে ক্রিজে রয়েছেন। বাংলার হয়ে ৭৯ রানে ২ উইকেট নিয়েছেন সুখমিত সিং। ১টি করে উইকেট নিয়েছেন রাহুল প্রসাদ, ইরফান আফতাব, রবি কুমার ও প্রয়াস রায় বর্মন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.