বিগত বেশ কয়েকটা আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। তবুও বছরের পর বছর ধরে তাঁর ওপর ভরসা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। অবশেষে আন্দ্রে রাসেলকে নিয়ে মোহভঙ্গ। এবছর আইপিএলের আগে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছেড়ে দিল নাইট রাইডার্স। এছাড়াও ছেড়ে দেওয়া হয়েছে গতবছর ২৩.৭৫ কোটি টাকায় কেনা বেঙ্কটেশ আয়ারকেও।
২০২৬ মরশুমের জন্য আগামী ১৬ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। শনিবারই ছিল ক্রিকেটারদের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। এদিনই তালিকা প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার ছাড়াও তালিকায় রয়েছে একঝাঁক ক্রিকেটার। মইন আলি, কুইন্টন ডিকক, আনরিখ নোখিয়ে, স্পেনসার জনসন, রহমানুল্লাহ গুরবাজও সেই তালিকায় রয়েছেন।
২০১৪ সালে নিলামে আন্দ্রে রাসেলকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। টানা ১০ বছর ধরে নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেছেন এই ক্যারিবিয়ান তারকা। গতবছর মহানিলামে ১২ কোটি টাকায় তাঁকে রেখে দিয়েছিল নাইট কর্তৃপক্ষ। কিন্তু নামের সঙ্গে সুবিচার করতে পারেননি রাসেল। ক্রমশ তিনি দলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। এবছর আইপিএলে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। বল হাতেই দলকে ভরসা দিতে পারেননি। তাই এবছর মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নাইটরা। আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন রাসেল। রান করেছেন ২৬৫১। সর্বোচ্চ ৮৮। উইকেট নিয়েছেন ১২৩টি। সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট।
আরও পড়ুনঃ ইন্টারভিউয়ের জন্য ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, ডাক পেলেন না অনেক যোগ্য প্রার্থী
রাসেলের পাশাপাশি আর এক অলরাউন্ডার বেঙ্কটেশ আয়ারকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ আইপিএলে চমক দেখিয়েছিলেন বেঙ্কটেশ। দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২২ সালের মেগা নিলামে তাঁকে ধরে রাখা হয়। গত বছর মেগা নিলামের আগে বেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হয়েছিল। নাইট টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল কম টাকায় তাঁকে তুলে নেওয়া। কিন্তু তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনতে বাধ্য হয়। এবছর আইপিএলে দামের প্রতি সুবিচার করতে পারেননি বেঙ্কটেশ। রাসেলের মতো তাঁকে নিয়েও মোহভঙ্গ নাইটদের। তাই বেঙ্কটেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ধরে রেখেছে হর্ষিত রানা, রিঙ্কু সিংদের।
নাইট রাইডার্স যে সব ক্রিকেটারদের ধরে রেখেছে তাঁরা হলেন: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ছেড়ে দিয়েছে: আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, মঈন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া (৬.৫ কোটি), কুইন্টন ডিকক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুভনিত সিসোদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে।