দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। সাম্প্রতিককালে উত্তেজনা আরও বেড়েছে। তার মাঝেই আইপিএলের নিলামে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জল্পনা চলছিল, আদৌও কি নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল খেলা হবে মুস্তাফিজুরের। বাংলাদেশের এই জোরে বোলারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা–কল্পনার অবসান ঘটল। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ২০২৬ দল থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি মুস্তাফিজুরের পরিবর্তে একজন বদলি খেলোয়াড় সই করার অনুমতিও দিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন যে, নাইট রাইডার্সকে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে সাইকিয়া বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই নাইট রাইডার্সকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিসিসিআই আরও জানিয়েছে, তারা যদি কোনও বদলি ক্রিকেটারের জন্য অনুরোধ করে, বোর্ড বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতি দেবে।’
কলকাতায় আইপিএলের ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচী প্রকাশ্যে আপত্তি জানানোর পর মুস্তাফিজুরের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। তাঁর এই মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এমনকি বেশ কয়েকজন নিলামে চুক্তির পক্ষে সমর্থন জানানোর জন্য নাইট রাইডার্সের সহ–মালিক অভিনেতা শাহরুখ খানকেও আক্রমণ করেছে।
আরও পড়ুনঃ মুস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবি, শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ তকমা, কলকাতায় ঢুকতে না দেওয়ার হুমকি
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি রাজনৈতিক প্রতিক্রিয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। সাইকিয়ার বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বোর্ড পদক্ষেপ নেওয়ার আগে বৃহত্তর পরিস্থিতি পর্যালোচনা করেছে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশটি আইপিএল ২০২৬ এর প্রস্তুতির জটিলতা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বোর্ডের এই সিদ্ধান্তের ফলে নাইট রাইডার্সের বিদেশি জোরে বোলিং বিভাগে শূন্যতা তৈরি করেছে। সীমিত ওভারের ক্রিকেটে বৈচিত্র্য এবং কার্যকারিতার জন্য পরিচিত মুস্তাফিজুর। বিশেষ করে ধীর গতির উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হয়েছিল। তবে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিকে আশ্বস্ত করেছে যে, তারা যদি তা করতে চায় তবে তাদের বিকল্প খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার অনুমতি দেওয়া হবে।
২০২৫ সালের ডিসেম্বরে আইপিএল ২০২৬ এর মিনি নিলামের সময় ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে তুলে নেয় নাইট রাইডার্স। এই চুক্তি নিয়ে শীঘ্রই বিতর্ক দেখা দেয়। রাজনৈতিক মহল এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা শুরু হয়।