ট্রেন্ডিং

Ranji Trophy 2025-26

শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেল, ইনিংস ও ১২০ রানে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বাংলা

শাহবাজ আমেদের স্পিনেই বিধ্বস্ত রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৩২ রানে। রেলকে ইনিংস ও ১২০ রানে উড়িয়ে বোনাসসহ ৭ পয়েন্ট তুলে নিল বাংলা। দুরন্ত বোলিং করে ৫৬ রানে ৭ উইকেট তুলে নিলেন শাহবাজ।

বাংলার জয়ের ৪ কারিগর। ম্যাচের সেরা অনুষ্টুপের সঙ্গে সুমন্ত গুপ্ত, শাহবাজ আমেদ ও সুরজ সিন্ধু।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫
Share on:

বাংলার কাছে রেলওয়েজ যে হারছেই, তৃতীয় দিনেই দেওয়াল লিখনটা পরিস্কার হয়ে গিয়েছিল। তবে বাংলা বোনাসসহ জেতে কিনা সেটাই ছিল দেখার। শেষ দিনে শাহবাজ আমেদের স্পিনেই বিধ্বস্ত রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৩২ রানে। রেলকে ইনিংস ও ১২০ রানে উড়িয়ে বোনাসসহ ৭ পয়েন্ট তুলে নিল বাংলা। দুরন্ত বোলিং করে ৫৬ রানে ৭ উইকেট তুলে নিলেন শাহবাজ।

অনুষ্টুপ মজুমদারের ১৩৫ ও সুমন্ত গুপ্তর ১২০ রানের ওপর ভর করে বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৪৭৪। জবাবে ২২২ রানে গুটিয়ে গিয়েছিল রেল। ফলোঅন করতে নেমে তৃতীয় দিনে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে রেল। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ৯০ রান। তখনই পরিস্কার হয়ে গিয়েছিল বোনাসহ ৭ পয়েন্ট পেতে চলেছে বাংলা। 


তৃতীয় দিনের শেষে ক্রিজে ছিলেন ভার্গব মেরাই (‌২০)‌ ও উপেন্দ্র যাদব (‌১২)‌। চতুর্থ দিন সকালে রেলের এই দুই ব্যাটারকে প্রথম ইনিংসের মতো জুটি গড়ে তোলার সুযোগই দেননি শাহবাজ আমেদ। তাঁর স্পিনের সামনে কোনও দিশা খুঁজে পাননি রেলের ব্যাটাররা। সকালেই ভার্গব মেরাইকে (‌৮১ বলে ২৬) ফেরান শাহবাজ। এরপর কর্ণ শর্মাকে (‌৬) তুলে নেন। তখনই বাংলার ৭ পয়েন্ট নিশ্চিত হয়ে গিয়েছিল। উপেন্দ্র যাদব (‌৬৩ বলে ২১) লড়াই করছিলেন। তাঁকেও তুলে নেন শাহবাজ। ইনিংসের ৫৬ তম ওভারে আকাশ পাণ্ডে (১৮)‌ ও কুনাল যাদবকে (‌০) ফেরান। ১৩২ রানে গুটিয়ে যায় রেল। দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৭ উইকেট নিয়েছেন শাহবাজ। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪২ রানে ১ উইকেট। কঠিন উইকেটে দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন অনুষ্টুপ মজুমদার। ‌

 ৪ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে ‘‌সি’‌ গ্রুপে শীর্ষে বাংলা। সমসংখ্যক ম্যাচে হরিয়ানার পয়েন্ট ১৮। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলা পরের ম্যাচ খেলবে ঘরের মাঠে আসামের বিরুদ্ধে। ১৬ নভেম্বর থেকে ওই ম্যাচ হবে কল্যানী স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora