শুরু হল সিএবি–র ভিশন ২০২৮, দায়িত্বে থাকা পর্যবেক্ষক জানেন না ক্রিকেটার বাছাই পদ্ধতি!
নতুন প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে শুরু হয়ে গেল বাংলার ভিশন ২০২৮। কাজ শুরু করে দিলেন মনোজ তেওয়ারি, বেঙ্কটেশ প্রসাদ ও নরেন্দ্র হিরওয়ানি। রবিবার দুটি সেশনে চলল শিবির।
ভিশন ২০২৮
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ৩০, ২০২৪
Share on:
নতুন প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে শুরু হয়ে গেল বাংলার ভিশন ২০২৮। কাজ শুরু করে দিলেন মনোজ তেওয়ারি, বেঙ্কটেশ প্রসাদ ও নরেন্দ্র হিরওয়ানি। রবিবার দুটি সেশনে চলল শিবির। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের নিয়েই উদ্বোধন হল ভিশন ২০২৮ প্রকল্পের। অনূর্ধ্ব ১৬ বিভাগে এদিন ২২ জন ও অনূর্ধ্ব ১৯ বিভাগে ২৪ জন ক্রিকেটার হাজির ছিলেন।
ভিশন ২০২৮ প্রকল্পের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সিএবি–র যুগ্মসচিব দেবব্রত দাসকে। তিনি ক্রিকেটারদের সঙ্গে কোচদের পরিচয় করিয়ে দেন। প্রথম দিনের শিবিরে হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিও। পরিচয় পর্ব শেষে তিনজন কোচ আলাদা আলাদা গ্রুপের সঙ্গে কাজ শুরু করেন। কোচরা প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। তীক্ষ্ণ চোখে তাঁদের অনুশীলন দেখেন।
৭ জুলাই পর্যন্ত প্রথম পর্বের শিবির অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে প্রতিদিন দুটি সেশনে প্র্যাকটিস করানো হবে। প্রথম পর্বে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলবে, দ্বিতীয় পর্বে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা অনুশীলন করবেন। মনোজ তেওয়ারি ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন। জোরে বোলিং কোচের দায়িত্বে রয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। আর স্পিন বোলিং দেখাশোনা করবেন নরেন্দ্র হিরওয়ানি। এই তিন কোচের আপাতত লক্ষ্য সিনিয়র বাংলা দলসহ বিভিন্ন বয়সভিত্তিক দলকে ঘরোয়া মরশুমের জন্য তৈরি করা। আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হল, ভবিষ্যতে প্রতিভাদের প্রস্তুত করা।
ক্রিকেটারদের কীভাবে বেছে নেওয়া হয়েছে, জানেন না ভিশন ২০২৮-র পর্যবেক্ষক তথা সিএবি–র যুগ্মসচিব দেবব্রত দাস। তাঁর কাছে জানতে চাওয়া হলে দেবব্রত দাস বলেন, ‘কীভাবে ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে আমি জানি না। ওটা প্রেসিডেন্ট বলতে পারবে।’ তিনিই ভিশন ২০২৮–র দায়িত্বে রয়েছেন, অথচ বিষয়টা জানেন না, সত্যিই চূড়ান্ত হাস্যকর। তাঁর জন্যই ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার অভিমানে বাংলা ছেড়েছিলেন। এইরকম কর্তাদের নিয়েই চলছে সিএবি। এরপরেও বাংলার ক্রিকেটের উন্নতি আশা করা যায়?
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.