ট্রেন্ডিং

IPL 2025

গুজরাটের কাছে হেরে প্লেঅফের আশা কার্যত শেষ গতবারের রানার্স হায়দরাবাদের

ধারাবাহিকতার অভাবেই ডুবতে হল গতবারের রানার্সদের। গুজরাট টাইটান্সের কাছে ৩৮ রানে হেরে প্লেঅফের আশা কার্যত শেষ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের। অন্যদিকে, প্লেঅফের রাস্তা অনেকটাই নিশ্চিত করল গুজরাট।

ভাল দল নিয়েও প্লেঅফের লড়াই থেকে কার্যত ছিটকে গেলেন প্যাট কামিন্সরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ০৩, ২০২৫
Share on:

এবারের আইপিএলে ভারসাম্যের দিক দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ অনেকটাই এগিয়ে ছিল। অথচ নিজেদের সেভাবে মেলে ধরতে পারল না। ধারাবাহিকতার অভাবেই ডুবতে হল গতবারের রানার্সদের। গুজরাট টাইটান্সের কাছে ৩৮ রানে হেরে প্লেঅফের আশা কার্যত শেষ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের। অন্যদিকে, প্লেঅফের রাস্তা অনেকটাই নিশ্চিত করল গুজরাট। 

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই ঝড় তোলেন গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। তৃতীয় ওভারে মহম্মদ সামির বলে পাঁচটি বাউন্ডারি হাঁকান সুদর্শন। পাওয়ার প্লে–র ৬ ওভারেই ৮২/‌০ রানে পৌঁছে যায় গুজরাট। শুরু থেকে ঝড় তুললেও অবশ্য এদিন হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হতে হল সুদর্শনকে। সপ্তম ওভারে জিশান আনসারির পঞ্চম বলে আউট হন সুদর্শন। ২৩ বলে তিনি করেন ৪৮। 

সুদর্শন ফিরে গেলেও রানের গতি অবশ্য কমেনি সানরাইজার্স হায়দরাবাদের। শুভমানের সঙ্গে জুটি বেঁধে ঝড় তোলেন জস বাটলার। এদিন ১২ রান করার সঙ্গে সঙ্গে তৃতীয় দ্রুততম হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন। ভেঙে দিলেন সূর্যকুমার যাদবের (‌২৭১৪ বল)‌ রেকর্ড। ৪ হাজার রানে পৌঁছতে বাটলার খেলেছেন ২৬৭৭ বল। শুভমান ও বাটলারের দাপটে ৯ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় গুজরাট। দলীয় ১৪৯ রানের মাথায় রান আউট হন শুভমান। ৩৮ বলে তিনি করেন ৭৬। দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন বাটলার। ৩৭ বলে ৬৪ রান করে প্যাট কামিন্সের বলে তিনি আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ রান তোলে গুজরাট। ১৬ বলে ২১ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৩৫ রানে ৩ উইকেট নেন জয়দেব উনাদকাট।


প্লেঅফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে গেলে শুরু থেকেই ঝড় তুলতে হত সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনারকে। তেমনই শুরু করেছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। মহম্মদ সিরাজের প্রথম ওভারে ওঠে ১৫। ইশান্ত শর্মার পরের ওভারে ১০। পঞ্চম ওভারেই ধাক্কা। ট্রাভিস হেডকে (‌১৬ বলে ২০)‌ তুলে নেন প্রসিদ্ধ কুষ্ণ। ৩ নম্বরে নামা ঈশান কিষাণ (‌১৭ বলে ১৩)‌ দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। অভিষেক শর্মা অবশ্য এদিন নিজের ছন্দে ছিলেন। ক্লাসেনকে সঙ্গে নিয়ে তিনি দলকে লড়াইয়ে রেখেছিলেন। ১৫তম ওভারের শেষ বলে আউট হন অভিষেক। ৪১ বলে তিনি করেন ৭৪। পরের ওভারে ক্লাসেন (‌১৮ বলে ২৩)‌ আউট হতেই প্লেঅফের আশা কার্যত শেষ গতবারের চ্যাম্পিয়নদের। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দুটি করে উইকেট নেন। 

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট টাইটান্স। একই সঙ্গে প্লেঅফের রাস্তা অনেকটাই পাকা করল। আর ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লেঅফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। 

 ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora