ট্রেন্ডিং

India vs England, 1st Test, Day 5

‌বাজবলের দাপট, ৫ সেঞ্চুরিও কাজে এল না ভারতের, হার দিয়ে টেস্ট অভিযান শুরু তরুণ প্রজন্মের

হেডিংলিতে ভারত–ইংল্যান্ড প্রথম টেস্ট যে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে, চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল। জয়ের জন্য ইংল্যান্ডকে তুলতে হত ৩৭১। লক্ষ্যে পৌঁছতে একেবারেই বেগ পেতে হল না ইংল্যান্ডকে। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন জেমি স্মিথ ও জো রুট।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৫
Share on:

হেডিংলিতে ভারত–ইংল্যান্ড প্রথম টেস্ট যে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে, চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল। জয়ের জন্য ইংল্যান্ডকে তুলতে হত ৩৭১। চতুর্থ ইনিংসে জয়ের জন্য এত বড় টার্গেটের সামনে অন্য কোনও দল হলে হয়তো ঝুঁকি নিত না। কিন্তু ইংরেজরা অন্য ধাতুতে গড়া। আর দায়িত্ব নেওয়ার পর কোচ ব্রেন্ডন ম্যাকালাম ঝুঁকি নেওয়াটা ক্রিস ওকসদের মজ্জায় ঢুকিয়ে দিয়েছেন। তাই ৩৭১ রানের লক্ষ্যে পৌঁছতে একেবারেই বেগ পেতে হল না ইংল্যান্ডকে। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। 

জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছিল ২১/‌০। ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি (‌১২)‌ ও বেন ডাকেট (‌৯)‌। ভারতের সামনেও যে জয়ের সুযোগ ছিল না, এমন নয়। সত্যিই রোমাঞ্চকর পরিস্থিতিতে দাঁড়িয়েছিল হেডিংলি টেস্ট। কিন্তু ভারতীয়দের আশায় জল ঢেলে দিলেন বেন ডাকেট। শেষ ভারত সফরে এসে ভারতীয় স্পিনারদের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল ইংল্যান্ডের এই ওপেনারকে। আর ঘরে মাঠে ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করে গেলেন। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে জয় তুলে নিল ইংল্যান্ড।

প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর দিকেই তাকিয়েছিল। দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য। এমনকি, ম্যাচের ভবিতব্য বুঝে তাঁকে শেষ ১৭ ওভারে আক্রমণেই নিয়ে এলেন না শুভমান গিল। ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ১৮৮ রানের জুটিই ভিত গড়ে দিয়েছিল ইংল্যান্ডের। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অভিজ্ঞ জো রুট ও জেমি স্মিথ।


বুমরার অফ ফর্মের দিনে প্রসিদ্ধ কৃষ্ণই (‌২/‌৯২)‌ ইংল্যান্ডে প্রথম ধাক্কা দেন। তুলে নেন ক্রলিকে (‌১২৬ বলে ৬৫)‌। তিন নম্বরে নামা ওলি পোপও (‌৮)‌ তাঁর শিকার। বেন ডাকেট অবশ্য আক্রমণাত্মক ব্যাটিং করে দলের জয়ের ভিত গড়ে দেন। মাঝে শার্দুল ঠাকুরের (‌২/‌৫২)‌ জোড়া ধাক্কায় কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল ইংল্যান্ড। তিনি পরপর ২ বলে তুলে নেন ডাকেট (‌১৭০ বলে ১৪৯)‌ ও হ্যারি ব্রুককে (‌০)‌। এরপর বেন স্টোকসকে (‌৫১ বলে ৩৩)‌ ফেরান রবীন্দ্র জাদেজা। তবে ভারতীয় বোলারদের আর কোনও সুযোগ দেননি রুট (‌৮৪ বলে ৫৩)‌ ও জেমি স্মিথ (‌৫৫ বলে ৪৪)‌।  

সাড়ে চারের ওপর রানরেট রেখে জয় তুলে নিয়েছে ইংল্যআন্ড। নিজেদের টেস্ট ইতিহাসে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২২ সালের জুলাইয়ে এজবাস্টনেই ‘‌বাজবল’‌ ক্রিকেট খেলে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। আর ৩৫০ রানের বেশি লিড নিয়ে এই নিয়ে দুবার টেস্ট হারল ভারত। দুবারই ইংল্যান্ডের কাছে। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে কোনও দল ৫টি সেঞ্চুরি করেও এই প্রথম পরাজয়ের সম্মুখীন হল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora