ট্রেন্ডিং

India vs England 2nd Test, Day 2

শুভমানের দ্বিশতরান, আকাশ দীপের ধাক্কায় এজবাস্টনে দ্বিতীয় দিনেই চাপে ইংল্যান্ড

মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, কোনও অধিনায়কই এজবাস্টনে ভারতকে টেস্টে জয় এনে দিতে পারেননি। শুভমান গিল কি পারবেন ইতিহাস বদলে দিতে?‌ সেই সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে। এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত।

দ্বিতীয় দিনেই ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন শুভমান ও আকাশ দীপ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৪, ২০২৫
Share on:

মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, কোনও অধিনায়কই এজবাস্টনে ভারতকে টেস্টে জয় এনে দিতে পারেননি। শুভমান গিল কি পারবেন ইতিহাস বদলে দিতে?‌ সেই সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে। এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। ভারতের ৫৮৭ রানের বিশাল রানের জবাবে দ্বিকীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৩ উইকেটে ৭৭। এখনও ৫১০ রানে পিছিয়ে। ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছে শুভমান গিলের দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস।

প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ৩১০। ১১৪ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। অন্যদিকে, ৪১ রানে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন এই দুই ব্যাটারই ভারতকে এগিয়ে নিয়ে যান। পরের দিকে শুভমানকে যোগ্য সহায়তা করেন ওয়াশিংটন সুন্দর। এদিন দলীয় ৪১৪ রানের মাথায় আউট হন জাদেজা (‌৮৯)‌। শুভমান ও জাদেজার জুটিতে ওঠে ২০৩ রান। পরে ওয়াশিংটন ও শুভমানের জুটিতে ওঠে ১৪৪ রান। হেডিংলি টেস্টে দুই ইনিংসেই লোয়ার অর্ডার ব্যর্থ হয়েছিল। প্রথম ইনিংসে শেষ ৭ উইকেট হারিয়েছিল ৪১ রানে। দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট হারায় ৩১ রানে। এজবাস্টনে শেষ ৫ উইকেটে ভারত তোলে ৩৭৬ রান।


জাদেজা, ওয়াশিংটন সুন্দর (‌৪২)‌ ফিরে গেলেও নিজের দ্বিশতরান তুলে নেন শুভমান। তাঁর দ্বিশতরান আসে ৩১১ বলে। ১২২ ওভারে জশ টাঙের বল ফাইন লেগে ঠেলে সিঙ্গলস নিয়ে দ্বিশতরানে পৌঁছন শুভমান। একই সঙ্গে ছাপিয়ে যান শচীন তেন্ডুলকার ও বিরাট কোহলিকে। রোহিত শর্মা, শচীন তেন্ডুলকার এবং বীরেন্দ্র শেহবাগের পর শুভমান গিল চতুর্থ ভারতীয় যিনি টেস্ট এবং একদিনের ম্যাচে দ্বিশতরান করলেন। শেষ পর্যন্ত ২৬৯ রান করে তিনি জশ টাঙের বলে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন। শুভমান আউট হওয়ার পরপরই ৫৮৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। শোয়েব বশির ১৬৭ রানে নেন ৩ উইকেট। ক্রিস ওকস ও জশ টাং নেন ২টি করে উইকেট।

শুভমান গিলের পর ইংল্যান্ডে বেকায়দায় ফেলে দেন আকাশ দীপ। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে আকাশ দীপকে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট যে ঝঁুকি নিয়েছিলেন, তার আস্থার মর্যাদা দিলেন আকাশ দীপ। নিজের দ্বিতীয় ও ইনিংসে তৃতীয় ওভারে পরপর ২ বলে বেন ডাকেট (‌০)‌ ও ওলি পোপকে (‌০)‌ তুলে নেন। অষ্টম ওভারে জ্যাক ক্রলিকে (‌১৯)‌ তুলে নিয়ে ইংল্যান্ডকে কোনঠাসা করে দেন মহম্মদ সিরাজ। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। বিপর্যয় সামলে জো রুট (‌অপরাজিত ১৮)‌ ও হ্যারি ব্রুক (অপরাজিত ৩০‌)‌। দলকে এগিয়ে নিয়ে যান। অসমাপ্ত চতুর্থ উইকেটে দুজনে ৫২ রান তুলেছে। দিনের শেষে ইংল্যান্ড তোলে ৩ উইকেটে ৭৭। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনও ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ফলোঅন এড়াতে আরও ৩১১ রান দরকার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora