দুর্দান্ত প্রত্যাবর্তন সামির, জোরে বোলারদের হাত ধরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলা
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলা। সামির দাপটে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৬৭ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা তুলেছে ১৭০/৫। দুই ইনিংস মিলিয়ে ২৩১ রানে এগিয়ে বাংলা।
দুরন্ত বোলিং মহম্মদ সামির। তুলে নিলেন ৪ উইকেট।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৪
Share on:
দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরায় প্রথম দিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় দিন সকালেইই অন্যমূর্তি। চেনা ছন্দে মহম্মদ সামি। তাঁর হাত ধরেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলা। সামির দাপটে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৬৭ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা তুলেছে ১৭০/৫। দুই ইনিংস মিলিয়ে ২৩১ রানে এগিয়ে বাংলা।
প্রথম দিন শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও তা কাটিয়ে উঠে ২২৮ রানের বেশি তুলতে পারেনি বাংলা। জবাবে প্রথম দিনের শেষে মধ্যপ্রদেশ তুলেছিল ১ উইকেটে ১০৩ রান। ক্রিজে ছিলেন শুভ্রাংশু সেনাপতি (৪৪) ও রজত পতিদার (৪১)। এই দুই ব্যাটারের হাত ধরেই বড় ইনিংসের স্বপ্ন দেখছিল মধ্যপ্রদেশ। দিনের শুরুতেই রজত পতিদারকে তুলে নেন সূরজ সিন্ধু জয়সওয়াল। আগের দিনের রানের সঙ্গে কোনও রান যোগ করতে পারেননি। এক ওভার পরেই শুভ্রাংশু সেনাপতিকেও (৪৭) ফেরান সূরজ।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার দ্রুত ফিরে যাওয়ার পরপরই ধস নামে মধ্যপ্রদেশ ইনিংসে। অধিনায়ক শুভম শর্মাকে (৮) তুলে নিয়ে মধ্যপ্রদেশকে বড় ধাক্কা দেন মহম্মদ সামি। রনজি অভিষেক ম্যাচে হরপ্রীত সিংকে (১৮) ফেরান রোহিত কুমার। এরপর মধ্যপ্রদেশ ইনিংসের ব্যাটিং লেজ ছাঁটেন মহম্মদ সামি। ফেরান সারাংশ জৈন (৭), কুমার কার্তিকেয়া (৯) ও কুলবন্ত খেজরোলিয়াকে (০)। ১৬৭ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশের প্রথম ইনিংস। ৫৪ রানে ৪ উইকেট নেন সামি। ২টি করে উইকেট নেন সূরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফ।
৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার শুভম দে (৪)। ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলা। এরপর রুখে দাঁড়ান সুদীপ ঘরামি (৪০) ও সুদীপ চ্যাটার্জি (৪০)। ক্রিজে জমে গিয়েও আউট হন এই দুই ব্যাটার। অনুষ্টুপ মজুমদার (১৯) ও শাহবাজ আমেদ (৩) দ্রুত ফিরে যান। ১৩৩ রানে ৫ উইকেট হারায় বাংলা। ঋত্বিক চ্যাটার্জি (৩৩) ও ঋদ্ধিমান সাহা (২১) পরিস্থিতি সামাল দেন। মধ্যপ্রদেশের অনুভব আগরওয়াল ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.