জয়ের জন্য চাই ১৩৫, হাতে ৬ উইকেট, ইংল্যান্ডে দাপট দেখাচ্ছেন শুভমানরা, লর্ডসেও জয়ের মুখে ভারত
হেডিংলিতে হেরে সিরিজ শুরু করেছিল ভারত। এডবাস্টনে জিতে সমতা ফেরান শুভমানরা। লর্ডসে তৃতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিততে গেলে চাই আর ১৩৫ রান, হাতে ৬ উইকেট।
ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামানো ওয়াশিংটনকে অভিনন্দন জাদেজার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৫
Share on:
ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগে শচীন তেন্ডুলকার ভবিষ্যতবানী করেছিলেন, ভারত ৪–১ ব্যবধানে সিরিজ জিতবে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির ভবিষ্যতবানী মিলবে কিনা সময়ই বলবে। তবে শুভমান গিলরা চলতি সিরিজে ইংরেজদের যথেষ্ট চাপে রেখেছেন। হেডিংলিতে হেরে সিরিজ শুরু করেছিল ভারত। এডবাস্টনে জিতে সমতা ফেরান শুভমানরা। লর্ডসে তৃতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিততে গেলে চাই আর ১৩৫ রান, হাতে ৬ উইকেট। এখন দেখার প্রতিপক্ষের চাপ সামলে জয় তুলে নিতে পারে কিনা ভারত।
তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে জো রুটের সেঞ্চুরির (১০২) ৩৮৭ রান তুলেছিল ইংল্যান্ড। ভারতেরও প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। সেঞ্চুরি করেন লোকেশ রাহুল (১০০)। ঋষভ পন্থ করেন ৭৪, রবীন্দ্র জাদেজা ৭২। দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দরের স্পিনে বিপর্যস্ত হয়ে গুটিয়ে যায় ১৯২ রানে। ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান ওয়াশিংটন। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারত তুলেছে ৪ উইকেটে ৫৮।
তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২ রান তুলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সাত সকালেই ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। তুলে নেন বেন ডাকেটকে (১২)। এরপর অলি পোপকেও (৪) ফেরান। পোপ আউট হওয়ার ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা। এবার জ্যাক ক্রলিকে (২২) তুলে নেন নীতীশ রেড্ডি। ক্রিজে নেমে হ্যারি ব্রুক (১৯ বলে ২৩) আক্রমণাত্মক ব্যাটিং করে পাল্টা চাপ তৈরির চেষ্টা করছিলেন। আকাশদীপ তাঁর স্টাম্প ছিটকে দেন।
মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর জো রুট ও অধিনায়ক বেন স্টোকস দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৬৭ রান। জুটি ভাঙতে ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দেন শুভমান গিল। রুটকে (৯৬ বলে ৪০) ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে মোক্ষম আঘাত হানেন ওয়াশিংটন। ৪ ওভার পর ফেরান জেমি স্মিথকে (৮)। এরপর তুলে নেন বেন স্টোকসকেও (৯৬ বলে ৩৩)। ওয়াশিংটনের এই ধাক্কা সামলাতে পারেনি ইংল্যান্ড। মাত্র ১৯২ রানে গুটিয়ে যায়। ২২ রানে ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট নেন বুমরা ও সিরাজ।
জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য ভারতের সামনে কঠিন হওয়ার কথা নয়। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (৭ বলে ০) তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রাথমিক ধাক্কা সামলে এরপর সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। কিন্তু দিনের শেষবেলায় দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। ১৩ তম ওভারে প্রথমে করুণ নায়ারকে (৩৩ বলে ১৪) তুলে নেন ব্রাইডন কার্স। এক ওভার পরেই ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দেন তিনিই। ফেরান শুভমান গিলকে (৯ বলে ৬)। শুভমান ফিরে যাওয়ার পর নৈশপ্রহরী হিসেবে নামানো হয় আকাশদীপকে (১১ বলে ১)। তাঁর স্টাম্প ছিটকে দেন স্টোকস। ৪৭ বলে ৩৩ রান করে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.