ট্রেন্ডিং

India vs Bangladesh Test Series

আড়াই দিন বৃষ্টিতে পণ্ড, তাসত্ত্বেও টেস্টের ফয়সালা!‌ বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতের

টেস্টের আড়াই দিন বৃষ্টিতে পণ্ড। তা সত্ত্বেও সেই টেস্টে জয়!‌ এই ভারতীয় দলের পক্ষে সবই সম্ভব। বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২–০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

অপ্রতিরোধ্য ভারত। বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ রোহিতদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০১, ২০২৪
Share on:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত যে ফ্লুকে শীর্ষে পৌঁছয়নি, আবার প্রমাণ হয়ে গেল। একটা টেস্টের আড়াই দিন বৃষ্টিতে পণ্ড। তা সত্ত্বেও সেই টেস্টে জয়!‌ এই ভারতীয় দলের পক্ষে সবই সম্ভব। বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২–০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। 

বৃষ্টির জন্য প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় দিন এক বলও খেলা হয়নি। অনেকেই ভেবেছিলেন ম্যাচ হয়তো ড্র–য়ের দিকেই এগোবে। কিন্তু ভারত দেখিয়ে দিল, যে কোনও চ্যালেঞ্জ নিতে তারা তৈরি। তবে ভারতের জয়ের পেছনে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জঘন্য ব্যাটিংয়ের অবদানের কথাও অস্বীকার করা যাবে না। 

প্রথম দিনের শেষে ৩৫ ওভারে ১০৭/‌৩ তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে যাওয়ায় আবার চতুর্থ দিন ব্যাট করে বাংলাদেশ। ২৩৩ রানে গুটিয়ে যায়। এরপর টি২০ মেজাজে ব্যাটিং করে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। ৫২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেটে ২৬ রান তোলে বাংলাদেশ।

শেষদিনে কোনও রকমে দুটো সেশন কাটাতে পারলেও ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু এদিন জঘন্য ব্যাটিংয়ের নমুনা দিলেন নাজমুল হাসান শান্তরা। ভারতের লক্ষ্য ছিল দ্রুত বাংলাদেশের ইনিংস শেষ করে জয়ের জন্য ঝাঁপানো। দিনের শুরুতেই মোমিনুল হককে (‌২)‌ তুলে নেন অশ্বিন। শাদমান ইসলামের সঙ্গে দলকে টানছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। মনে হচ্ছিল বড় পার্টনারশিপ হবে। শান্তকে (‌১৯)‌ বো‌ল্ড করে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠান জাদেজা। 


শান্ত আউট হওয়ার পরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। হাফ সেঞ্চুরি করে আউট হন শাদমান ইসলাম (‌৫০)‌। দ্রুত সাজঘরের পথ ধরেন লিটন দাস (‌১)‌, সাকিব আল আহাস (‌০)‌, মেহিদি হাসান মিরাজ (‌৯)‌, তাইজুল ইসলাম (‌০)‌। মুশফিকুর রহিম (‌৩৭)‌ কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত বুমরার বলে আউট হন। ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৩ টি করে উইকেট নেন বুমরা, অশ্বিন ও জাদেজা। 

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫। দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছতে চেয়েছিল ভারত। মেহিদি হাসানের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রোহিত (‌৮)‌। শুভমান গিলকেও (৬)‌ এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহিদি হাসান। ৫ ওভারের মধ্যে ৩৪ রানে ২ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। তাইজুল ইসলামকে গ্যালারিতে পাঠিয়ে দলকে জেতাতে গিয়ে আউট হন যশস্বী জয়সওয়াল (‌৪৫ বলে ৫১)‌। দলকে জয় এনে দেন বিরাট কোহলি (‌অপরাজিত ৩৭ বলে ২৯)‌। ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। একইসঙ্গে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা ওপরে চলে গেল। টানা তৃতীয়বার ফাইনাল খেলা শুধু সময়ের অপেক্ষা। ‌


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora