হরমনপ্রীতের সেঞ্চুরি, ক্রান্তির ৬ উইকেট, মহিলাদের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
মহিলাদের ক্রিকেটে ইংল্যান্ডের ওপর দাপট ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পর এবার একদিনের সিরিজও ২–১ ব্যবধানে জিতে নিলেন হরমনপ্রীত কাউররা। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের জয় এল ১৩ রানে।
ট্রফি হাতে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৫
Share on:
মহিলাদের ক্রিকেটে ইংল্যান্ডের ওপর দাপট ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পর এবার একদিনের সিরিজও ২–১ ব্যবধানে জিতে নিলেন হরমনপ্রীত কাউররা। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের জয় এল ১৩ রানে। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক হরমনপ্রীত কাউর।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। সিরিজ নির্ণায়ক ম্যাচে দুরন্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না ন্যাট স্কিভার–ব্রান্টরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৪ রান তোলে ভারত। দুই ওপেনার প্রতিকা রাওয়াল (৩৩ বলে ২৬) ও স্মৃতি মানধানা (৫৪ বলে ৪৫) আউট হওয়ার পর ভারতকে টানেন হারলীন দেওল ও হরমনপ্রীত কাউর। দুজনের জুটিতে ওঠে ৮১।
৬৫ বলে ৪৫ রান করে আউট হন হারলীন। এরপর হরমনপ্রীত ও জেমাইমা রডরিগেজ জুটির ৭৭ বলে ১০০ রান ভারতকে বড় ইনিংসের দিকে এগিয়ে দেয়। ৪৫ বলে ৫০ রান করে আউট হন জেমাইমা। দুরন্ত ব্যাটিং করে ৮৪ বলে ১০২ রান করেন হরমনপ্রীত। একদিনের ক্রিকেটে এটা সপ্তম সেঞ্চুরি হরমনপ্রীতের। শেষদিকে রিচা ঘোষের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩১৮/৫ তোলে ভারত। ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন রিচা।
জয়ের জন্য বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই ওপেনার টমি বেউমন্ট (২) ও অ্যামি জোনসকে (৪) তুলে নেন ক্রান্তি গৌড়। তৃতীয় উইকেটের জুটিতে এমা ল্যাম্ব ও ন্যাট স্কিভার–ব্রান্ট ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান। ল্যাম্বকে (৮১ বলে ৬৮) তুলে নিয়ে জুটি ভাঙেন শ্রী চরণি। সেঞ্চুরির মুখ থেকে স্কিভার–ব্রান্টকে (১০৫ বলে ৯৮) ফেরান দীপ্তি শর্মা। ক্রান্তি গৌড়ের দুরন্ত বোলিংয়ের সামনে জয় অধরা থেকে যায় ইংল্যান্ডের। ৪৯.৫ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দুরন্ত বোলিং কতরে ৫২ রানে ৬ উইকেট নেন ক্রান্তি গৌড়।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.