ট্রেন্ডিং

Women Asia Cup Cricket

‌মহিলাদের ক্রিকেটেও আধিপত্য, এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত

এশিয়া কাপেও আবার সেই অসহায় আত্মসমর্পন পাকিস্তানের। পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপে দুর্দান্ত শুরু করল ৭ বারের চ্যাম্পিয়ন ভারত।

শ্রেয়াঙ্কা পাটিলকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৪
Share on:

পুরুষদের ক্রিকেটই হোক কিংবা মহিলাদের ক্রিকেট, পাকিস্তানের ওপর দীর্ঘদিন ধরেই আধিপত্য দেখিয়ে আসছে ভারত। তবে মহিলাদের ক্রিকেটে আধিপত্যটা একেবারেই নিরঙ্কুশ। পুরুষদের ক্রিকেটে পাকিস্তান কিছুটা হলেও লড়াই করে। মহিলাদের ক্রিকেটে বারবার আত্মসমর্পন করে এসেছে পাকিস্তান। এবারের এশিয়া কাপেও আবার সেই অসহায় আত্মসমর্পন। পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপে দুর্দান্ত শুরু করল ৭ বারের চ্যাম্পিয়ন ভারত।

শ্রীলঙ্কার ডাম্বুলাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ওভারেই গুল ফিরোজাকে (‌৫)‌ তুলে নিয়ে পুজা বস্ত্রকার যে ধাক্কা দিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান। ২টি বাউন্ডারি হাঁকিয়ে মুনিবা আলি (‌১১)‌ পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছিলেন। চতুর্থ ওভারে তাঁকেও তুলে নেন পুজা। আলিয়া রিয়াজকে (‌৮)‌ ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। অধিনায়ক নিদা দার (‌৮)‌ ফিরতেই ধস নামে পাকিস্তান ইনিংসে। পরপর ২ বলে সিদ্রা আমিন (‌২৫)‌ ও ইরাম জাভেদকে (‌০)‌ তুলে নিয়ে হ্যাটট্রিকের সামনে পৌঁছে গিয়েছিলেন রেণুকা সিং। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি। 


আরও পড়ুনঃ আবার জয়ে ফিরল ইস্টবেঙ্গল, পুলিশের ব্যারিকেড উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে লাল–হলুদ


আরও পড়ুনঃ প্যারালিসিসকে হার মানিয়ে অলিম্পিকের স্বপ্নপূরণ ভারতীয় হকি তারকা সুখজিৎ সিংয়ের


তুবা হাসান (‌২২)‌ ও ফাতিমা সানার (অপরাজিত ‌২২)‌ সৌজন্যে ১০০ রানের গণ্ডি পার করে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯.‌২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে ২০ রানে ৩ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ১৪ রানে ২টি করে উইকেট নেন রেণুকা সিং ও শ্রেয়াঙ্কা পাটিল। ৩১ রানে ২ উইকেট পুজা বস্ত্রকারের। 

ভারতের যা ব্যাটিং শক্তি জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। তার ওপর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন শেফালী ভার্মা ও স্মৃতি মান্ধানা। এই জুটি ৯.‌২ ওভারে ৮৫ রান তুলে ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন। ৩১ বলে ৪৫ রান করে আউট হন স্মৃতি। তাঁর পরপরই ফেরেন শেফালী ভার্মা। ২৯ বলে তিনি করেন ৪০। ১১ বলে ১৪ রান করে আউট হন দয়ালান হেমলতা। দ্রুত ৩ উইকেট হারালেও জয়ের লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি ভারতের। ১৪.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে নেয়। পাকিস্তানের হয়ে সায়েদা আরুব ৯ রানে ২ উইকেট নেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora