প্রথম ম্যাচেই জয়, গম্ভীর–সূর্য জুটির হাত ধরে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের শুরু
জয়ের মাধ্যমে শুরু হল ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৪৩ রানে হারিয়ে টি২০ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে দেল ভারত। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ছাপ রাখলেন সূর্যকুমার যাদব।
দুর্দান্ত ব্যাটিং সূর্যকুমার যাদবের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৪
Share on:
দুর্দান্ত শুরু সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীর জুটির। জয়ের মাধ্যমে শুরু হল ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৪৩ রানে হারিয়ে টি২০ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে দেল ভারত। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ছাপ রাখলেন সূর্যকুমার যাদব। যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরাও বুঝিয়ে দিলেন রোহিত–কোহলিদের জায়গা ভরাট করার জন্য তৈরি।
পাল্লেকেলেতে টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। দুজনের দাপটে ওপেনিং জুটিতে ৭৪ রান তোলে ভারত। পাওয়ার প্লে–র ওভারে শেষ বলে শুভমান গিলকে (১৬ বলে ৩৪) তুলে নেন দিলশান মাদুশঙ্কা। পরের ওভারের প্রথম বলে আউট হন যশস্বী জয়সওয়াল। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে তিনি স্টাম্পড হন। ২১ বলে ৪০ রান করেন যশস্বী।
এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৮টি চার ও ২টি ছয়ের সহায্যে ২৬ বলে ৫৮ রান করে আউট হন সূর্য। হার্দিক পাণ্ডিয়া (১০ বলে ৯ রান) রান পাননি। রিয়ান পরাগ ৬ বলে ৭ রান করে পাথিরানার বলে এলবিডব্লিউ হন। ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন ঋষভ পন্থ। ৩৩ বলে ৪৯ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত। ৪০ রানে ৪ উইকেট নেন মাথেশা পাথিরানা।
সামনে বিশাল রানের টার্গেট থাকলেও কুঁকড়ে থাকেনি শ্রীলঙ্কা। পাল্টা জবাব দেওয়ার কাজ দারুণভাবে করছিলেন দুই ওপেনার পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিস। ওপেনিং জুটিতে ৮.৩ ওভারে দুজনে তোলোন ৮৪। কুশল মেন্ডিসকে (২৭ বলে ৪৭) তুলে নিয়ে জুটি ভাঙেন অর্শদীপ সিং। পাথুম নিসঙ্কা দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। ১৫তম ওভারে অক্ষর প্যাটেলের বলে তিনি বোল্ড হতেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ৪৮ বলে ৭৯ রান করে আউট হন নিসঙ্কা। কুশল পেরেরা (১৪ বলে ২০), কামিন্দু মেন্ডিস (৮ বলে ১২), চরিথ আসালঙ্কারা (০) রান না পাওয়ায় জয়ের দিকে এগিয়ে যেতে পারেনি শ্রীলঙ্কা। ১৯.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ৫ রানে ৩ উইকেট নেন রিয়ান পরাগ। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.