জিম্বাবোয়েকে উড়িয়েও চাপমুক্ত নয়, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপরই এখন ভারতের সেমিফাইনালের ভাগ্য
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সহজ জয় ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে ভারতের ওপর চাপ বেড়ে যেত। সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়ত। জিম্বাবোয়েকে ৭২ রানে উড়িয়েও ভারত যে চাপমুক্ত, একথা বলা যাবে না। লিগ টেবিলে কোনও তারতম্য ঘটেনি। শুধুমাত্র নেট রান রেট কিছুটা উন্নত হয়েছে। পরিস্থিতি এমন, রবিবার ইডেনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। ভারতকে সেমিফাইনালে যেতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
জিম্বাবোয়েকে বিধ্বস্ত করার পর ভারতীয় দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Share on:
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সহজ জয় ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে ভারতের ওপর চাপ বেড়ে যেত। সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়ত। জিম্বাবোয়েকে ৭২ রানে উড়িয়েও ভারত যে চাপমুক্ত, একথা বলা যাবে না। লিগ টেবিলে কোনও তারতম্য ঘটেনি। শুধুমাত্র নেট রান রেট কিছুটা উন্নত হয়েছে। পরিস্থিতি এমন, রবিবার ইডেনে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। ভারতকে সেমিফাইনালে যেতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তির খবর, রানে ফিরেছেন বাটাররা। বিশ্বকাপের শুরু থেকেই ফর্মে ছিলেন না অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরেছেন। এই ম্যাচে অবশ্য খেলার কথা ছিল না অভিষেক শর্মার। বাবা মারা যাওয়ায় রিঙ্কু সিং বাড়ি ফিরে যাওয়ায় শেষ পর্যন্ত প্রথম একাদশে থেকে যান। রান পেয়েছেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মাও। বড় রান পেলেও ভাল শুরু করেছিলেন সঞ্জু স্যামসনও।
চেন্নাইয়ের এমে চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবোয়ে। শুরু থেকেই ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন। তুলনায় শুরুর দিকে কিছুটা সতর্ক ছিলেন অভিষেক শর্মা। ১৫ বলে ২৪ রান করে আউট হন সঞ্জু এরপর নিজের স্বভাবসুলভ ভঙ্গীতে ব্যাট করতে থাকেন অভিষেক। ৪টি করে চার ও ছক্কার সাহায্যে তিনি যখন ৩০ বলে ৫৫ রান করে আউট হন, ১২.৫ ওভারে ভারত পৌঁছে গিয়েছিল ১৫০ রানে। অভিষেকের আগে অবশ্য ফিরে যান তিন নম্বরে নামা ঈশান কিষাণ। ২৪ বলে তিনি করেন ৩৮। ১৩ বলে ৩৩ রানে সংক্ষিপ্ত ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষদিকে তান্ডব চালিয়ে ভারতকে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রানে পৌঁছে দেন হার্দিক (২৩ বলে অপরাজিত ৫০) ও তিলক (১৬ বলে অপরাজিত ৪৪)।
সামনে বিশাল রানের লক্ষ্য দেখে যথেষ্ট চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। তবে প্রথম বার সুপার এইটে ওঠা দলটি লড়াইয়ের রাস্তা থেকে সরে যায়নি। তাদিওয়ানাশে মারুমনি (২০ বলে ২০) ও ডিওন মায়ের্স (৬) আউট হওয়ার পর ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা ৭২ রানের জুটি গড়ে তোলেন। ১ বলের ব্যবধানে সিকান্দার (২১ বলে ৩১) ও রায়ান বুরিকে (০) তুলে নেন অর্শদীপ সিং। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়ে তোলে ১৮৪/৬। ওপেন করতে নেমে ইনিংসের শেষবল পর্যন্ত ক্রিজে থেকে ৫৯ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। ভারতের হয়ে অর্শদীপ সিং ২৪ রানে ৩ উইকেট নেন। এদিন ভারতীয় বোলাররা যেভাবে বোলিং করেছেন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.