নিউজিল্যান্ডের কাছে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। পুনে টেস্ট ছিল সিরিজে সমতা ফেরানোর লড়াই। সিরিজে সমতা ফেরানোর স্বপ্নপূরণ তো হলি না, উল্টে হেরে সিরিজ খোয়ালো ভারত। পুনেতে রোহিতদের হার ১১৩ রানে। একযুগ পর দেশের মাঠে সিরিজে পরাজয়। শেষবার দেশের মাঠে ভারত সিরিজ হেরেছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের কাছে, ২০১২ সালে। ১২ বছর পর আবার সিরিজে হার নিউজিল্যান্ডের কাছে। ভারতের মাটিতে এই প্রথম সিরিজ জিতে ইতিহাস কিউয়িদের।
পুনেতে দ্বিতীয় দিনেই ব্যকফুটে চলে দিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫৬ রানে। ৫৩ রানে ৭ উইকেট তুলে নিয়েছিলেন মিচেল স্যান্টনার। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড তুলেছিল ৫ উইকেটে ১৯৮। ক্রিজে ছিলেন টম ব্লান্ডেল (৩০) ও গ্লেন ফিলিপস (৯)। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড এগিয়ে গিয়েছিল ৩০১ রানে।
তৃতীয় দিন নিউজিল্যান্ডের ব্যবধান খুব বেশি বাড়তে দেননি রবীন্দ্র জাদেজা। শুরুতেই তুলে নিয়েছিলেন টম ব্লান্ডেলকে (৪১)। এরপরই জাদেজাকে তুলে মারতে গিয়ে লং অন বাউন্ডারির ধারে বুমরার হাতে ক্যাচ দেন স্যান্টনার (৪)। সাউদি (০), আজাজ প্যাটেলও (১) বেশিক্ষণ স্থায়ী হননি। শেষপর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৪৮ রান করে অপরাজিত থাকেন। ৫৬ রানে ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৭২ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। ৯৭ রানে ২ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে দলে নেই সামি, বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ, রিজার্ভে মুকেশ
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, ৩ বছর পর ঘরের মাঠে সিরিজ জয় পাকিস্তানের
জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রোহিত শর্মা (৮)। শুরুতে রোহিত ফিরে গেলেও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ১২ ওভারে ৮১/১ তুলে ফেলে ভারত।
মধ্যাহ্নভোজের বিরতির পর শুভমানকে (২৩) তুলে নেন স্যান্টনার। এরপর ফেরান সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া যশস্বী জয়সওয়ালকে (৬৫ বলে ৭৭)। সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। যশস্বী আউট হওয়ার পরপরি আবার ধাক্কা। কোহলির ভুল কলে রান আউট ঋষভ পন্থ (০)। টিম ম্যানেজমেন্ট জয়ের জন্য তাকিয়েছিল বিরাট কোহলির দিকে। কোহলিকে (১৭) তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন স্যান্টনার। এরপর এক ওভারের ব্যবধানে সরফরাজ (৯) ও ওয়াশিংটনকে (২১) তুলে নিয়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন। শেষদিকে অশ্বিন (১৮) ও জাদেজার (৪২) লড়াই কাজে লাগেনি। ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে স্যান্টনারের সংগ্রহ ১০৬ রানে ৬ উইকেট। ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতের মাটিতে দেশকে প্রথমবার সিরিজ জেতালেন স্যান্টনার।