ম্যাচ পরিত্যক্ত, হারের হ্যাটট্রিক থেকে বাঁচিয়ে দিল বৃষ্টি, ১ পয়েন্টেই সন্তুষ্ট নাইট রাইডার্স
হারের হ্যাটট্রিক থেকে বেঁচে গেল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের দলকে বাঁচিয়ে দিল বৃষ্টি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য ২০২ রান তাড়া করতে নেমে ১ ওভারে ৭ রান তোলার পর বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেল।
বৃষ্টিতে পুরো মাঠ ঢাকা ইডেনের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫
Share on:
হারের হ্যাটট্রিক থেকে বেঁচে গেল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের দলকে বাঁচিয়ে দিল বৃষ্টি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য ২০২ রান তাড়া করতে নেমে ১ ওভারে ৭ রান তোলার পর বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেল।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে দুটি পরিবর্তন করে মাঠে নামে নাইট রাইডার্স। ব্যাটিং শক্তি বাড়াতে মইন আলির জায়গায় রভম্যান পাওয়েলকে প্রথম একাদশে নিয়ে আসা হয়। গতিময় উইকেটের কথা মাথায় রেখে বোলিংয়ে ভারসাম্য রাখতে রমনদীপ সিংয়ের জায়গায় চেতন সাকারিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। রীতিমতো ঝড় তুলে ওপেনিং জুটিতে দুজনের সংগ্রহ ১২০। বৈভব আরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা কেউই পাঞ্জাবের দুই ওপেনারকে বিব্রত করতে পারেননি।
জুটি ভাঙতে দ্বাদশ ওভারে আন্দ্রে রাসেলকে আক্রমণে নিয়ে আসেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই প্রিয়াংশ আর্যকে তুলে নেন রাসেল। ৩৫ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন প্রিয়াংশ। এরপর পাঞ্জাবকে এগিয়ে নিয়ে যান প্রভসিমরন ও অধিনায়ক শ্রেয়স আয়ার। ১৫ তম ওভারে প্রভসিমরনকে ফেরান বৈভব আরোরা। ৪৯ বলে ৮৩ রান করে আউট হন প্রভসিমরন। মারেন ৬টি করে চার ও ছয়। প্রভসিমরন আউট হওয়ার পরেই রান তোলার গতি কমে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ২০১/৪। শ্রেয়স আয়ার ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকে। নাইট রাইডার্সের হয়ে বৈভব আরোরা ৩৪ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১ ওভারে ৭ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি না থামায় রাত ১০.৫৮ মিনিট নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেল। ৯ ম্যাচে পাঞ্জাব কিংসের পয়েন্ট হল ১১। আর নাইট রাইডার্সের ৭। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় নাইট রাইডার্সের প্লে রাস্তা আরও কঠিন হয়ে গেল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.