ট্রেন্ডিং

India vs Australia 2nd Test: Day 1

‌বিধ্বংসী মিচেল স্টার্কের ৬ উইকেট, অ্যাডিলেডে গোলাপি বলের ছটায় বিপর্যস্ত ভারত

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই রাশ অস্ট্রেলিয়ার হাতে। ভারতের ১৮০ রানের জবাবে প্রথম দিনের শেষে তুলেছে ৮৬/‌১। বিধ্বংসী বোলিং মিচেল স্টার্কের।

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেল ১৮০ রানে

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৬, ২০২৪
Share on:

গোলাপি বলে খুব বেশি টেস্ট না খেলার মাশুল দিতে হবে কি ভারতকে?‌ অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের পরিস্থিতি কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। যদিও টেস্টের এখনও ৪ দিন বাকি। আর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে ভারতের দারুণ সুনাম আছে। যেমন পার্থে প্রথম টেস্টে প্রথম ইনিংসে বিধ্বস্ত হয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেল যশপ্রীত বুমরারা। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অবশ্য রাশ অস্ট্রেলিয়ার হাতে। ভারতের ১৮০ রানের জবাবে প্রথম দিনের শেষে তুলেছে ৮৬/‌১। বিধ্বংসী বোলিং মিচেল স্টার্কের।

অ্যাডিলেডে দিন–রাতের টেস্টে প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। রোহিত শর্মার সঙ্গে প্রথম একাদশে চোট সারিয়ে ওঠা শুভমান গিল। আর গোলাপি বলে সাফল্যের কথা ভেবে ওয়াশিংটন সুন্দরের জায়গায় ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরলেও লোকেশ রাহুলকে ওপেন করার সুযোগ দিয়েছিলেন রোহিত। প্রথম বলেই বিপর্যয়। আগের টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করা যশস্বী জয়সওয়ালকে (‌০)‌ তুলে নেন মিচেল স্টার্ক। 

শুরুর ধাক্কা সামলে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল ও প্রথম একাদশে ফেরা শুভমান গিল। দুজনের জুটি দারুণ জমে উঠেছিল। ৬৯ রানের মাথায় লোকেশ রাহুলকে (‌৬৪ বলে ৩৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এক ওভার পর আবার আঘাত স্টার্কের। তাঁর শর্ট ডেলিভারি কোহলির (‌৮ বলে ৭)‌ ব্যাট ছুঁয়ে চলে যায় স্টিভ স্মিথের বিশ্বস্ত হাতে। উইকেটে জমে যাওয়া শুভমান গিলকে (‌৫১ বলে ৩১)‌ তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দেন স্কট বোল্যান্ড। নৈশভোজ বিরতির সময় ভারতের রান ছিল ৪ উইকেটে ৮২।


দলের সেরা ৪ ব্যাটার ফিরে যাওয়ার পর ভারতের ভরসা ছিল দীর্ঘদিন পর মিডল অর্ডারে ব্যাট করতে নামা অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পন্থের ওপর। সতর্কভাবে শুরু করেও বেশিক্ষণ এগোতে পারেননি রোহিত (‌২৩ বলে ৩)‌। তাঁকে ফেরান বোল্যান্ড। এরপর ঋষভ পন্থকে (‌৩৫ বলে ২১)‌ তুলে নেন প্যাট কামিন্স। ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর নীতীশ কুমার রেড্ডি (‌৫৪ বলে ৪২)‌ ও রবিচন্দ্রন অশ্বিনের (‌২২ বলে ২২)‌ সাহসী ব্যাটিং ভারতে দেড়শ রানের গণ্ডি পার করে দেয়। শেষ পর্যন্ত ৪৪.‌১ ওভারে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দুরন্ত বোলিং করে ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন স্টার্ক। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। 

সবাই আশা করছিল যশপ্রীত বুমরার হাত ধরে ভারতও হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে ভারতীয় ব্যাটারদের তুলনায় অসি ব্যাটারদের অভিজ্ঞতা অনেক বেশি। সেটাই কাজে লাগাচ্ছেন মার্নাস লাবুশেনরা। একাদশ তম ওভারে উসমান খোয়াজাকে (‌৩৫ বলে ১৩)‌ তুলে নিয়ে বুমরা অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিলেও পরিস্থিতি সামাল দেন নাথান ম্যাকসুইনি ও মার্নাস লাবুশেন। দুজনের জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ৪২। দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৮৬/‌১। ম্যাকসুইনি ৩৮ ও লাবুশেন ২০ রানে ক্রিজে রয়েছেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora