প্রভসিমরন ও অর্শদীপের দাপটে লখনউকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব কিংস
লখনউকে ৩৭ রানে হারিয়ে প্লেঅফের সম্ভাবনা উজ্জ্বল করল পাঞ্জাব। অন্যদিকে, পাঞ্জাবের কাছে হেরে প্লেঅফের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল লখনউয়ের। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লখনউ।
জয়ের পর পাঞ্জাব ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৫, ২০২৫
Share on:
প্লেঅফের লড়াইয়ে দুই দলের কাছেই ম্যাচটার গুরুত্ব ছিল অপরিসীম। পাঞ্জাব কিংসের কাছে ছিল রাস্তা আরও পরিস্কার করা। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের কাছে ছিল স্বপ্ন বাঁচিয়ে রাখার। লখনউকে ৩৭ রানে হারিয়ে প্লেঅফের সম্ভাবনা উজ্জ্বল করল পাঞ্জাব। অন্যদিকে, পাঞ্জাবের কাছে হেরে প্লেঅফের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল লখনউয়ের। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লখনউ।
ধরমশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় লখনউ। প্রথম ওভারে প্রিয়াংশ আর্যর (৪ বলে ১) উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রানের বিশাল স্কোর খাড়া করে পাঞ্জাব। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অন্য ওপেনার প্রভসিমরন সিং। ৪৮ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১৯ তম ওভারের পঞ্চম বলে আউট হন। জশ ইংলিস ১৪ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়স আয়ার ২৫ বলে করেন ৪৫। শেষদিকে ঝড় তুলে ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং। লখনউয়ের হয়ে আকাশ সিং ৩০ রানে ও দিগ্বেশ রাঠি ৪৬ বলে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ২৩৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অর্শদীপের বোলিংয়ের সামনে শুরুতেই বিপর্যয়ে পড়ে লখনউ। লখনউয়ের সেরা তিন ব্যাটার মিচেল মার্শ (৫ বলে ০), এইডেন মার্করাম (১০ বলে ১৩) ও নিকোলাস পুরানকে (৫ বলে ৬) ২৭ রানের মধ্যে তুলে নেন অর্শদীপ। এরপর অধিনায়ক ঋষভ পন্থকে (১৭ বলে ১৮) ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। আয়ুশ বাদোনি, আব্দুল সামাদরা লড়াই করলেও জেতার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান তোলে লখনউ। ৪০ বলে ৭৪ রান করেন আয়ুশ বাদোনি। ২৪ বলে ৪৫ রান আব্দুল সামাদের। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিং।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.