আবার ব্যর্থ বিরাট কোহলি, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হার বেঙ্গালুরুর
আইপিএলের ১৮তম জন্মদিনেও বদলাল না বেঙ্গালুরুর ভাগ্য। এবার বিধ্বস্ত পাঞ্জাব কিংসের কাছে। ৫ উইকেটে হার বেঙ্গালুরুর। আবার ব্যর্থ বিরাট কোহলি।
অর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৫
Share on:
আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নাইট রাইডার্সের কাছে বিধ্বস্ত হয়েছিল রাহুল দ্রাবিড়ের বেঙ্গালুরু। অশোক দিন্দা, সৌরভ গাঙ্গুলি, অজিত আগরকারদের দুরন্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়েছিল। আইপিএলের ১৮তম জন্মদিনেও বদলাল না বেঙ্গালুরুর ভাগ্য। এবার বিধ্বস্ত পাঞ্জাব কিংসের কাছে। ৫ উইকেটে হার বেঙ্গালুরুর। আবার ব্যর্থ বিরাট কোহলি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘন্টা ১৫ মিনিট পর। ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৪। টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই ফিল সল্টকে (৪ বলে ৪) ফেরান অর্শদীপ সিং। তৃতীয় ওভারে বিরাট কোহলিকেও (৩ বলে ১) তুলে নেন অর্শদীপ। একপ্রান্তে রজত পতিদার (১৮ বলে ২৩) রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও অন্যপ্রান্তে ধস নামে। পরপর ফিরে যান লিয়াম লিভিংস্টোন (৪), জিতেশ শর্মা (২), ক্রুণাল পাণ্ডিয়ারা। একা লড়াই করেন টিম ডেভিড। তাঁর ২৬ বলে ৫০ রানের সৌজন্যে ১৪ ওভারে ৯৫/৯ তোলে বেঙ্গালুরু। দুরন্ত বোলিংক করে ১০ রানে ২ উইকেট তুলে নেন মার্কো জানসেন। ১১ রানে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। হরপ্রীত ব্রার ও অর্শদীপ সিংও নেন ২টি করে উইকেট।
ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব কিংস। আউট হন প্রভসিমরন সিং (৯ বলে ১৩)। চতুর্থ ওভারে ফিরে যান প্রিয়াংশ আর্য (১১ বলে ১৬)। অষ্টম ওভারে ১ বলের ব্যবধানে শ্রেয়স আয়ার (১০ বলে ৭) ও জশ ইংলিসকে (১৭ বলে ১৪) তুলে নিয়ে বেঙ্গালুরুকে স্বপ্ন দেখিয়েছিলেন জস হ্যাজেলউড। এরপর শশাঙ্ক সিংকে (৫ বলে ১) ফেরান ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত দলকে জয়ে এনে দেন নেহাল ওয়াধেরা (১৯ বলে অপরাজিত ৩৩)। ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব (৯৮/৫)। ১৪ রানে ৩ উইকেট নেন হ্যাজেলউড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.