ম্লান হয়ে গেল বাংলার রিচা ঘোষের বিশ্বরেকর্ড, নাদিনের অবিশ্বাস্য ইনিংসে বিশ্বকাপে প্রথম হার ভারতের
নাদিন ডি ক্লার্ক অবিশ্বাস্য ইনিংসের কাছে ম্লান হয়ে গেল রিচার বিধ্বংসী ইনিংস। প্রায় হারা ম্যাচ ৭ বল বাকি থাকতে নাটকীয়ভাবে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ভারতের ২৫১ রানের জবাবে ৪৮.৫ ওভারেই ২৫২/৭ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখতে হল ভারতকে।
বিধ্বংসী মেজাজে রিচা ঘোষ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫
Share on:
রিচা ঘোষের দুরন্ত ইনিংসের জবাব দেওয়ার জন্য তৈরিই ছিলেন নাদিন ডি ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার এই আট নম্বর ব্যাটারের অবিশ্বাস্য ইনিংসের কাছে ম্লান হয়ে গেল রিচার বিধ্বংসী ইনিংস। প্রায় হারা ম্যাচ ৭ বল বাকি থাকতে নাটকীয়ভাবে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ভারতের ২৫১ রানের জবাবে ৪৮.৫ ওভারেই ২৫২/৭ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখতে হল ভারতকে। ম্লান হয়ে গেল রিচা ঘোষের বিশ্বরেকর্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৫৫। প্রথমে আউট হন স্মৃতি মানধানা। ৮৩ রানের মাথায় ফিরে যান হারলিন দেওল (২৩ বলে ১৩)। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। পরপর ফিরে যান প্রতিকা রাওয়াল (৫৬ বলে ৩৭), হরমনপ্রীত কাউর (২৪ বলে ৯), জেমাইমা রডরিগেজ (০), দীপ্তি শর্মা (৪৪ বলে ১৩)। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। এই পরিস্থিতিতে স্নেহ রানাকে (২৪ বলে ৩৩) সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান বাংলার উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষ। দুজনের জুটিতে ওঠে ৮৮। এই জুটিই ভারতকে বড় রানে পৌঁছে দেয়। ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন রিচা।
৯৪ রান করার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন রিচা। ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নজির গড়লেন। আর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার–ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে পৌঁছে গেলেন ১০০০ রানের মাইলস্টোনে। মহিলাদের একদিনের ক্রিকেটে ৮ নম্বর কিংবা তার নীচের ব্যাটার হিসেবে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ডও গড়েছেন রিচা।
জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই তাজমিন ব্রিটস (০) ও সানে লুজের (৫) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর মারিজানে কাপকে (২০) তুলে নেন স্নেহ রানা। এরপর আনেকে বশকে (১) ফেরান দীপ্তি শর্মা। সিনালো জাফটাকে (১৪) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কোনঠাসা করে দেন শ্রী চরণি। ৮১ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
একপ্রান্তে পরপর উইকেট পড়লেও অন্যপ্রান্ত আটকে রেখেছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট (১১১ বলে ৭০)। তাঁকে তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ আরও বাড়িয়ে দেন ক্রান্তি গৌড়। ১৪২ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান চোলে ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক। ট্রায়নকে (৬৬ বলে ৪৯) তুলে নিয়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন স্নেহ রানা। কিন্তু নাদিনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে স্বপ্ন শেষ হয়ে যায়। ৭ বল বাকি থাকতে ২৫২/৭ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। দুরন্ত ব্যাটিং করে ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন নাদিন ডি ক্লার্ক। মারেন ৮টি ৪ ও ৫টি ৬।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.