ট্রেন্ডিং

IPL 2026: LSG vs RR

সামি, মহসিনদের দুরন্ত বোলিং কাজে এল না, গতি লড়াইয়ে বাজিমাত রাজস্থানের, লখনউকে হারাল ৪০ রানে

দুরন্ত বোলিং করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন মহম্মদ সামি, মহসিন খানরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় জয় অধরা থেকে গেল। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে অসহায় আত্মসমর্পন ঋষভ পন্থদের। গতির লড়াইয়ে বাজিমাত রাজস্থান রয়্যালসের। ৪০ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। কাজে এল না সামি, মহসিনদের দুরন্ত বোলিং।

দুরন্ত বোলিং আর্চারের। অভিনন্দন সতীর্থদের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬
Share on:

দুরন্ত বোলিং করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন মহম্মদ সামি, মহসিন খানরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় জয় অধরা থেকে গেল। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে অসহায় আত্মসমর্পন ঋষভ পন্থদের। গতির লড়াইয়ে বাজিমাত রাজস্থান রয়্যালসের। ৪০ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। কাজে এল না সামি, মহসিনদের দুরন্ত বোলিং।

যশস্বী জয়ওয়ালকে তুলে নিয়ে রাজস্থান রয়্যালসকে ধাক্কা দেওয়ার কাজটা শুরু করেছিলেন মহম্মদ সামি। তৃতীয় ওভারে সামিকে পরপর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে আউট হন যশস্বী। ১২ বলে তিনি করেন ২২ রান। পরেরই বলেই দুরন্ত অফ কাটারে ধ্রুব জুরেলকে (‌০)‌ তুলে নেন সামি। পরপর ২ বলে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। তবে রাজস্থানের আরও বিপর্যয় অপেক্ষা করছিল পরের ওভারেই। দলের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার বৈভব সূর্যবংশীকে তুলে নেন মহসিন খান। এদিন একেবারেই সুবিধা করতে পারেননি বৈভব। ১১ বলে মাত্র ৮ রান করে তিনি আউট হন।

শুধু বৈভকেই ফেরানো নয়, এদিন দুরন্ত বোলিং করেন মহসিন খান। তাঁর বিরুদ্ধে একেবারেই স্বস্তিতে ছিলেন না রিয়ান পরাগ, শিমরন হেটমায়েররা। ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। রিয়ানকে (‌১৯ বলে ২০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন প্রিন্স যাদব। এরপরই হেটমায়েরকে (‌১৮ বলে ২২)‌ ফেরান মহসিন। 


৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে রাজস্থান। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। বড় রানের স্বপ্নও শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা (‌২৯ বলে অপরাজিত ৪৩)‌, ডোনাভান ফেরেরা (‌১৯ বলে ২০)‌, শিবম দুবেদের (‌১১ বলে ১৯)‌ সৌজন্যে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে রাজস্থান। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১টি মেডেনসহ ১৭ রানে ২ উইকেট পান মহসিন খান। ২টি করে উইকেট নেন মহম্মদ সামি ও প্রিন্স যাদব।

‌বোলারদের দাপটে ঘরের মাঠে জয়ের সুযোগ ছিল লখনউ সুপার জায়ান্টসের সামনে। কিন্তু দারুণভাবে প্রত্যাঘাত করে রাজস্থানের বোলাররা। জোফ্রা আর্চার থেকে শুরু করে নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, প্রত্যেকেই দুরন্ত বোলিং করে শুরু থেকেই লখনউ ব্যাটারদের চাপে ফেলে দেন। প্রথম ওভারেই রান আউট হয়ে ফিরে যান আয়ুশ বাদোনি (‌০)‌। পরের ওভারে অধিনায়ক ঋষভ পন্থ (‌০)‌। তৃতীয় ওভারে এইডেন মার্করামকে (‌০)‌ তুলে নিয়ে লখনউর ওপর আরও চাপ বাড়ান জোফ্রা আর্চার। ৩ ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারায় লখনউ।

এরপর মিচেল মার্শ ও নিকোলাস পুরান নিজেদের হাতে ম্যাচের রাশ নেওয়ার চেষ্টা করেন। নিকোলাস পুরানকে (‌২৫ বলে ২২)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। হিম্মত সিংকে (‌১৫ বলে ১৫)‌ নিয়ে কিছুটা লড়াই করেন মিচেল মার্শ (‌৪১ বলে ৫৫)‌। নান্দ্রে বার্গার তাঁকে ফেরাতেই জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় লখনউর। ১৮তম ওভারে মায়াঙ্ক যাদব (‌৫)‌ ও মহসিন খানকে (‌০)‌ তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেন জোফ্রা আর্চার (‌৩/‌২০)‌। ১৮ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় লখনউ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora