ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াইয়ের থেকেও দর্শকদের আগ্রহ ছিল রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। চোট সারিয়ে দুই তারকার মাঠে নামার সম্ভাবনা ছিল। কিন্তু কেউই মাঠে নামলেন না। যাবতীয় নজর কেড়ে নিলেন সঞ্জু স্যামসন। তাঁর বিধ্বংসী ব্যাটিং ও আকিল হোসেনের দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে মুম্বইকে ১০৩ রানে বিধ্বস্ত করল চেন্নাই।
সেঞ্চুরির পর সঞ্জু স্যামসন।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬
Share on:
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াইয়ের থেকেও দর্শকদের আগ্রহ ছিল রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। চোট সারিয়ে দুই তারকার মাঠে নামার সম্ভাবনা ছিল। কিন্তু কেউই মাঠে নামলেন না। যাবতীয় নজর কেড়ে নিলেন সঞ্জু স্যামসন। তাঁর বিধ্বংসী ব্যাটিং ও আকিল হোসেনের দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে মুম্বইকে ১০৩ রানে বিধ্বস্ত করল চেন্নাই।
ম্যাচের আগের দিন চুটিয়ে অনুশীলন করেছিলেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটপ্রেমীরা অনেক আশা নিয়ে এদিন মাঠে হাজির হয়েছিলেন দুই মহাতারকার লড়াই দেখার আশায়। কিন্তু টসের পর জানা গেল রোহিত–ধোনি কেউই খেলছেন না। কিছুটা হতাশই হতে হয় দর্শকদের। তবে তাদের সেই হতাশা কাটিয়ে দেন সঞ্জু স্যামসন। দুরন্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন। সঞ্জু সেঞ্চুরি করলেও ঋতুরাজ গায়কোয়াড় (১৪ বলে ২২) আবার বড় রান করতে ব্যর্থ।
সরফরাজ খান (৮ বলে ১৪), শিবম দুবে (৮ বলে ৫), ডিওয়াল্ড ব্রেভিসরাও (১১ বলে ২১) রান পাননি। তবে সকলের ব্যর্থতা পুশিয়ে দেন সঞ্জু স্যামসন। একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন। সঞ্জুর সেঞ্চুরি আসে একেবারে ইনিংসের শেষ বলে। নবাগত কৃশ ভগতের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন সঞ্জু। ৫৪ বলে ১০১ রান করে তিনি অপরাজিত থাকেন। সঞ্জুর ইনিংসে রয়েছে ১০টি ৪ ও ৬টি ৬। নির্ধারিত ২০ ওভারে ২০৭/৬ তোলে চেন্নাই। চলতি আইপিএলে সঞ্জুর এটা দ্বিতীয় সেঞ্চুরি।
সঞ্জুর তৈরি করে দেওয়া মঞ্চে এরপর দাপট দেখান চেন্নাইয়ের দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও নুর আমেদ। আকিল হোসেনের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ঋতুরাজ। প্রথম ওভারেই দানিশকে (০) তুলে নেন আকিল। পরের ওভারে কুইন্টন ডিকককে (১০ বলে ৭) ফেরান মুকেস চৌধরি। তৃতীয় ওভারে আবার ধাক্কা আকিলের। এবার ফেরান নমন ধীরকে। ৩ ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব (৩০ বলে ৩৫) ও তিলক ভার্মা (২৯ বলে ৩৭) কিছুটা লড়াই করেন। হার্দিক পান্ডিয়া (১) ও শেরফানে রাদারফোর্ডকে (০) তুলে নিয়ে মুম্বইকে ম্যাচ থেকে ছিটকে দেন নুর আমেদ। ১৯ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় মুম্বই। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৪ উইকেট নেন আকিল হোসেন। ২৩ রানে ২ উইকেট নুর আমেদের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.