আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে জীবনের সেরা জায়গায় শুভমান ও বড় লাফ আকাশদীপের
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দুরন্ত পারফরমেন্স করে ভারতকে জয় এনে দিয়েছেন শুভমন গিল ও আকাশদীপ। দুরন্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন ভারতের এই দুই ক্রিকেটার। আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে এলেন শুভমান ও আকাশদীপ।
আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে এলেন শুভমান ও আকাশদীপ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৯, ২০২৫
Share on:
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দুরন্ত পারফরমেন্স করে ভারতকে জয় এনে দিয়েছেন শুভমন গিল ও আকাশদীপ। ব্যাট হাতে ৪৩০ রান করেছিলেন শুভমান। অন্যদিকে, বল হাতে ১০ উইকেট তুলে নিয়েছিলেন আকাশদীপ। এজবাস্টনে দুরন্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন ভারতের এই দুই ক্রিকেটার। আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে এলেন শুভমান ও আকাশদীপ।
এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগে ব্যাটারদের তালিকায় ২১ নম্বরে ছিলেন শুভমান। ১৫ ধাপ লাফিয়ে প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। এখনও পর্যন্ত টেস্টে এটাই শুভমনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৮। একধাপ নেমে ৮ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর রেটিং পয়েন্ট ৭৯০।
এজবাস্টনে সেঞ্চুরি করে শীর্ষস্থান থেকে জো রুটকে হটিয়ে দিয়েছেন হ্যারি ব্রুক। তিনি উঠে এসেছেন একনম্বরে। আর রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে। দুই ইনিংসেই ভাল খেলে ১৬ ধাপ উঠে ১০ নম্বরে পৌঁছেছেন জেমি স্মিথ। জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলে ৩৪ ধাপ উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার। ৫৬ থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি।
এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ৩৯ ধাপ উঠেছেন বাংলার আকাশদীপ। ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠেছেন তিনি। শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৮। এজবাস্টনে ৭ উইকেট নিয়ে ৬ ধাপ উঠে এসেছেন ভারতের আর এক জোরে বোলার মহম্মদ সিরাজ। ২৮ নম্বর থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাডেজা শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩৯১। ১৫ থেকে ৩ নম্বরে উঠে এসেছেন উইয়ান মুলডার। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.