সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড স্পর্শ স্মৃতি মানধানার, অস্ট্রেলিয়াকে ১০২ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
প্রথম ম্যাচে অসিদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হতে হয়েছিল হরমনপ্রীত কাউরদের। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়াকে ১০২ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দেন স্মৃতি মানধানা।
বিশ্বরেকর্ড স্পর্শ করার পর স্মৃতি মানধানা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫
Share on:
সামনে মাসে ভারতে বসছে মহিলাদের একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে অসিদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হতে হয়েছিল হরমনপ্রীত কাউরদের। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়াকে ১০২ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দেন স্মৃতি মানধানা। এই নিয়ে একদিনের ক্রিকেটে ১২ নম্বর সেঞ্চুরি করলেন স্মৃতি। একই সঙ্গে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আগের ম্যাচের মতো এদিনও নিজেদের মেলে ধরেন ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মানধানা। ১১.২ ওভারে ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৭০। ৩২ বলে ২৫ রান করে আউট হন প্রতিকা। হারলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কাউর এদিনও মিডল অর্ডারে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ২৪ বলে ১০ রান করে তিনি আউট হন। ২৬ বলে ১৭ রান করে আউট হন হরমনপ্রীত।
১৫২ রানে ৩ উইকেট হারানোর পর দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান স্মৃতি মানধানা। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৭ রান করে তিনি আউট হন। এদিন সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে ওপেনার হিসেবে নিউজিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের টমি বেউমন্টের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন। দুজনেই ১২টি করে সেঞ্চুরি করেছেন। রিচা ঘোষ ৩৩ বলে করেন ২৯। রাধা যাদব (৬), অরুন্ধতী রেড্ডিরা (৪) রান পাননি। দীপ্তি শর্মা (৫৩ বলে ৪০) ও স্নেহ রানা (১৮ বলে ২৪) ভারতকে বড় রানে পৌঁছে দেন। ৪৯.৫ ওভারে ২৯২ তোলে ভারত।
প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। এদিন শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছিলেন দুই জোরে বোলার ক্রান্তি গৌড় ও রেণুকা সিং ঠাকুর। দ্বিতীয় ওভারেই জর্জিয়া ভোলকে (০) তুলে নেন রেণুকা ঠাকুর। পঞ্চম ওভারে অ্যালিসা হিলিকে (৯) ফেরান ক্রান্তি গৌড়। ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে এলিসে পেরি (৬১ বলে ৪৪) ও অ্যানাবেল সাদারল্যান্ড (৪২ বলে ৪২) ছাড়া বাকিরা কেউ লড়াই করতে পারেননি। ৪০.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দুরন্ত বোলিং করে ২৮ রানে ৩ উইকেট নেন ক্রান্তি গৌড়। ২৪ রানে ২ উইকেট দীপ্তি শর্মার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.