তিলক ভার্মার দুরন্ত ব্যাটিংয়ে শেষ ওভারে রোমাঞ্চকর জয়, সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত
চিপকে ইংল্যান্ডকে টানটান উত্তেজনার ম্যাচে ২ উইকেটে হারিয়ে টি২০ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল শেষ ওভারে। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে ভারতকে জয় এনে দিলেন তিলক ভার্মা।
চাপের মুখে দুরন্ত ব্যাটিং তিলক ভার্মার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫
Share on:
ইডেনে প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অবশ্য যথেষ্ট লড়াই করতে হল। চিপকে ইংল্যান্ডকে টানটান উত্তেজনার ম্যাচে ২ উইকেটে হারিয়ে টি২০ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল শেষ ওভারে। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে ভারতকে জয় এনে দিলেন তিলক ভার্মা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ফিল সল্ট (৩ বলে ৪)। চতুর্থ বলেই তিনি আউট হন। এদিনও তিনি অর্শদীপ সিংয়ের শিকার। চতুর্থ ওভারের প্রথম বলে বেন ডাকেটকে (৬ বলে ৩) তুলে নেন ওয়াশিংটন সুন্দর। শুরুতে ২ উইকেট হারালেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। পাওয়ার প্লে–র ৬ ওভারেই ৫৮ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। দলকে টানছিলেন অধিনায়ক জস বাটলার ও হ্যারি ব্রুক।
আক্রমণে এসেই হ্যারি ব্রুককে (৮ বলে ১৩) তুলে নেন বরুণ চক্রবর্তী। এরপর বাটলারকে তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল। ৩০ বলে ৪৫ রান করেন বাটলার। লিয়াম লিভিংস্টোনও (১৪ বলে ১৩) অক্ষর প্যাটেলের শিকার। ঝড় তোলা জেমি স্মিথকে (১২ বলে ২২) তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন অভিষেক শর্মা। ১০৪ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ইংল্যান্ড। ১৭ বলে ৩১ রান করেন ব্রাইডন কার্সি। ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন জোফ্রা আর্চার। অক্ষর প্যাটেল ৩২ রানে ২টি উইকেট নেন। ৩৮ রানে ২ উইকেট বরুণ চক্রবর্তী।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হন আগের ম্যাচে ঝড় তোলা অভিষেক শর্মা (৬ বলে ১২)। তাঁকে ফেরান মার্ক উড। পরের ওভারে সঞ্জু স্যামসনকে (৭ বলে ৫) তুলে নেন জোফ্রা আর্চার। ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। চাপ কাটিয়ে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব।
এরপর দ্রুত আউট হন সূর্যকুমার (৭ বলে ১২), ধ্রুব জুরেল (৬ বলে ৭) ও হার্দিক পান্ডিয়া (৬ বলে ৭)। তিলক ভার্মার সঙ্গে জুটি বাঁধেন ওয়াশিংটন সুন্দর (১৯ বলে ২৬)। ওয়াশিংটন আউট হওয়ার পরপরই ফিরে যান অক্ষর প্যাটেল (৩ বলে ২)। তিলক ভার্মার দুরন্ত ব্যাটিং ভারতকে জয় এনে দেয়। ৪ বল বাকি থাকতে ১৬৬/৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। ইংল্যান্ডের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন ব্রাইডন কার্সি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.