ফাইনাল ড্র, প্রথম ইনিংসে এগিয়ে থেকে ৭ বছরে এই নিয়ে তৃতীয়বার রনজি চ্যাম্পিয়ন হল বিদর্ভ
কেরলের প্রথমবার রনজি জয়ের স্বপ্নে ব্যাঘাত ঘটিয়ে আবার চ্যাম্পিয়ন। গত ৭ বছরে এই নিয়ে তৃতীয়বার রনজি জিতল বিদর্ভ। ফাইনাল অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন বিদৰ্ভ।
রনজি চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বিদর্ভর ক্রিকেটারদের উল্লাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ০৩, ২০২৫
Share on:
গতবছর ফাইনালে উঠেও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল। পরপর দু’বার রনজি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গও। সেদিনই জেদটা বেড়ে গিয়েছিল অক্ষয় ওয়াদকারদের। এবার মরশুমের শুরু থেকেই বাড়তি পরিশ্রম। যার মূল্য পেল বিদর্ভ। কেরলের প্রথমবার রনজি জয়ের স্বপ্নে ব্যাঘাত ঘটিয়ে আবার চ্যাম্পিয়ন। গত ৭ বছরে এই নিয়ে তৃতীয়বার রনজি জিতল বিদর্ভ। ফাইনাল অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন বিদৰ্ভ।
বিদর্ভ যে আবার খেতাব জিততে চলেছে, চতুর্থ দিনেই পরিস্কার হয়ে গিয়েছিল। টস জিতে ব্যাট করতে নেমে বিদর্ভ প্রথম ইনিংসে তুলেছিল ৩৭৯। দানিশ মালেওয়ার ২৮৫ বলে ১৫৩ রান করেন। জবাবে তৃতীয় দিনে ৩৪২ রানে গুটিয়ে যায় কেরল। অধিনায়কত শচীন বেবি করেন ৯৮। প্রথম ইনিংসে ৩৭ রানে এগিয়ে যায় বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের শেষদিনের বিদর্ভ ১৪৩.৫ ওভারে ৩৭৫/৯ রান তোলার পর দুই দলের অধিনায়কই ড্রয়ের সিদ্ধান্ত মেনে নেন। ফাইনালে দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন করুণ নায়ারের। ২৯৫ বলে ১৩৫ রান করেন তিনি। গোটা প্রতিযোগিতার মতো ফাইনালেও দুরন্ত ব্যাটিং দানিশ মালেওয়ারের (৭৩)। ৫১ রান করে অপরাজিত থাকেন দর্শন নালকাণ্ডে।
২০১৭-১৮ মরশুমে প্রথমবার রনজি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। পরের মরশুমেও আবার চ্যাম্পিয়ন। গতবছরও চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ফাইনালে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল। এবছর সেমিফাইনালে সেই মুম্বইকেই হারিয়ে ফাইনালে ওঠে আসে। কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল তালিমনাডুর মতো শক্তিশালী দলকে। এই মরশুমে অবশ্য শুরু থেকেই ধারাবাহিকভাবে পারপরমেন্স করে গেছে। ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে বিদর্ভ।
গোটা প্রতিযোগিতায় দুরন্ত ব্যাটিং করেছেন যশ রাঠোর। ১০ ম্যাচে করেছেন ৯৬০। ফাইনালে দুরন্ত ব্যাটিং দানিশ মালেওয়ারের। তিনি ফাইনালের সেরা হয়েছেন। করুণ নায়ারও ধারাবাহিকভাবে রান করেছেন। এবারের রনজিতে সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় ১০ ব্যাটারের মধ্যে ৪ জনই বিদর্ভর। রনজির সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন হর্ষ দুবে। ৬৯ উইকেট নিয়ে রনজিতে এক মরশুমে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে দলের ব্যাটার ও হর্ষ দুবেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিদর্ভ অধিনায়ক অক্ষয় ওয়াদকার। তিনি বলেন, “গতবছর আমরা ফাইনালে হেরেছিলাম। এই মরশুমে দারুণ প্রস্তুতি নিয়েছিলাম। প্রত্যেকেই আলাদাভাবে বাড়তি পরিশ্রম করেছে। এই মরশুমে সর্বোচ্চ রানসংগ্রহকারী ১০ জনের মধ্যে ৪ জন বিদর্ভর। হর্ষ দুবে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী।”
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.