১৯ বছর পর পুনরাবৃত্তি, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে অঘটন জিম্বাবোয়ের, সুপার এইটের রাস্তা কঠিন অসিদের
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল জিম্বাবোয়ে ১৯ বছর পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ২০২৬ টি২০ বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলল জিম্বাবোয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ বি-র ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করল ২৩ রানে। এটা টুর্নামেন্টে জিম্বাবোয়ের টানা দ্বিতীয় জয়। টি২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা দ্বিতীয় জয়। জিম্বাবোয়ের কাছে হেরে সুপার এইটের রাস্তা কঠিন করে ফেলল অস্ট্রেলিয়া।
জয়ের নায়ক মুজারাবানিকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
Share on:
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল জিম্বাবোয়ে ১৯ বছর পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ২০২৬ টি২০ বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলল জিম্বাবোয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ বি-র ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করল ২৩ রানে। এটা টুর্নামেন্টে জিম্বাবোয়ের টানা দ্বিতীয় জয়। টি২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা দ্বিতীয় জয়। জিম্বাবোয়ের কাছে হেরে সুপার এইটের রাস্তা কঠিন করে ফেলল অস্ট্রেলিয়া।
টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চারের সাহায্যে ৫৬ বলে অপরাজিত ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫ রান করেন। রায়ান বার্ল ৩০ বলে ৩৫ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে অপরাজিত ২৫ রান করে দলকে ১৬৯ রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার বোলাররা এদিন একেবারেই জ্বলে উঠতে পারেননি। ১টা করে উইকেট নেন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল খুবই খারাপ। পাওয়ার প্লে-তে তারা ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তোলে। দ্রুত ফিরে যান তারকা ব্যাটার জশ ইংলিস (৮), ক্যামেরন গ্রিন (০), টিম ডেভিড (০) এবং ট্র্যাভিস হেড (১৭)। প্রাথমিক ধাক্কা সামলে উঠে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যানম্যাট রেনশ এবং গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের মধ্যে ৭৭ রানের জুটি গড়ে ওঠে। এই জুটির হাত ধরেই ম্যাচে ফিরে আসার চেষ্টা করছিল অস্ট্রেলিয়া। কিন্তু ডেথ ওভারে জিম্বাবোয়ে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাক্সওয়েল (৩১ বলে ৩২) ও মার্কাস স্টয়নিস (৬) আউট হতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ’র লড়াই কাজে লাগেনি। ৪৪ বলে ৬৫ রান করে আউট হন রেনশ। ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
জিম্বাবোয়ের জয়ের নায়ক জোরে বোলার ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভান্স। ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ব্র্যাড ইভান্স ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। এই দুই বোলারের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা অসহায় হয়ে পড়েন। ওয়েলিংটন মাসাকাদজা এবং রায়ান বার্লও ১টি করে উইকেট নেন। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের মধ্যে মাত্র দুটি ম্যাচ খেলা হয়েছে। দুটি ম্যাচেই জিতেছে জিম্বাবোয়ে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.