১০ নম্বর জার্সির মান রাখলেন দিবালা, মেসি–ডি মারিয়াকে ছাড়াই চিলির বিরুদ্ধে দুর্দান্ত জয় আর্জেন্টিনার
বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে চিলিকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিল লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
আর্জেন্টিনার দুই গোলদাতা অ্যালিস্টার ও আলভারেজ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪
Share on:
কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। চোটের জন্য ছিলেন না লিওনেল মেসি। ১১ বছর পর এই প্রথম দুই তারকা ফুটবলারকে একসঙ্গে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দুই সেরা ফুটবলারকে ছাড়াই আর্জেন্টিনার কাছে চিলি ম্যাচ ছিল বড় পরীক্ষা। দলকে স্বসম্মানে উতরে দিলেন অ্যালেক্সিজ ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পরিবর্ত হিসেবে মাঠে নামা পাওলো দিবালারা। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে চিলিকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিল লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধে অবশ্য চেনা ছন্দে দেখা যায়নি আর্জেন্টিনাকে। গতিময় ফুটবল খেললেও খুব বেশি বলের দখল রাখতে পারেনি। সেভাবে আক্রমণও গড়ে তুলতে পারেনি। বরং চিলি কিছুটা দাপটের সঙ্গে খেলার চেষ্টা করছিল। বলের দখলও বেশি ছিল চিলির। ৩১ মিনিটে এগিয়ে যাওয়ারও সুযো এসেছিল চিলির সামনে। এডুয়ার্ডো ভার্গাসের হেড পোস্টে লেগে ফিরে আসে। আরও কয়েকবার প্রায় গোলমুখ খুলে ফেলেছিল। কিন্তু আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের তৎপরতায় গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য আর্জেন্টিনা। ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজরা মাঝমাঠের সুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেন। ম্যাচের ৪৮ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের সেন্টার থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন ম্যাচ অ্যালিস্টার। দেশের জার্সি গায়ে অ্যালিস্টারের এটা তৃতীয় গোল। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ২–০ করেন হুলিয়ান আলভারেজ। ইনজুরি সময়ের ১ মিনিটে আলেজান্দ্রো গারনাচোর পাস থেকে বাঁপায়ের কোনাকুনি শটে গোল করেন মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামা দিবালা। চিলিকে হারিয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল আর্জেন্টিনা।
কোপা আমেরিকা জয়ের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এদিন ম্যাচের আগে রিভার প্লেটের মাঠে অবসর নেওয়া ডি মারিয়াকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। দেশের জার্সি গায়ে ডি মারিয়ার খেলার স্মরণীয় মুহূর্তগুলি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। মায়ামি থেকে রেকর্ড করা লিওনেল মেসির ভিডিও বার্তাও দেখানো হয়।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.