যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবেন ভিনিসিয়াসরা।
আর্জেন্টিনা, ভেনেজুয়েলার মতো লাতিন আমেরিকার দেশগুলি আগেই খেলে গেছে কলকাতায়। এবার ব্রাজিল। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবেন ভিনিসিয়াস জুনিয়ররা। ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ব্রাজিলের কলকাতায় খেলার কথা নিশ্চিত করা হয়েছে। ১৯৭৭ সালে ফুটবল সম্রাট পেলে কসমস ক্লাবের হয়ে খেলে গেলেও এই প্রথম ব্রাজিল কলকাতায় খেলতে আসছে।
২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে গ্যালারিতে বসে লিওনেল মেসির খেলা উপভোগ করেছিলেন কলকাতার দর্শকরা। দিয়োগো মারাদোনা দু’দুবার এসেছিলেন কলকাতা সফরে। তিনি অবশ্য খেলার জন্য আসেননি। তবে অলিভার কান, রজার মিল্লার মতো তারকারও খেলে গিয়েছেন কলকাতায়। এবার খেলবে গোটা ব্রাজিল দল। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ভারতের খেলার সুযোগ হবে, এটা স্বপ্নেও কোনও দিন ভাবেননি দেশের ফুটবলপ্রেমীরা। আর সেটাই সত্যি হতে চলেছে।
গত সপ্তাহেই ব্রাজিলের ভারতে খেলতে আসার ইঙ্গিতটা ছিল। সেখানকার সংবাদমাধ্যমের প্রতিবেদনে সে খবর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, ২৫ সেপ্টেম্বর টাউন্সভিল ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ভারতে একটা প্রীতি ম্যাচ খেলতে যেতে পারে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্যাপারে সিলমোহর দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ব্রাজিল ফুটবল দল অস্ট্রেলিয়া ও ভারত সফরে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার পর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে আরও একটা প্রীতি ম্যাচ খেলবে।’ পোস্টে আরও লেখা হয়েছে, ‘ভারত সফর আমাদের জন্য বিশেষ মুহূর্ত। কারণ, ভারতে প্রচুর ব্রাজিল সমর্থক আছে। ভারতে ব্রাজিল সমর্থকদের সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।’
ব্রাজিলের ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসা নিয়ে রীতিমতো উত্তেজিত ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। তিনি বলেন, ‘৩ অক্টোবর কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় সিনিয়র দল। সত্যিই ভাবতে পারছি না। ভারতীয় দলে যুক্ত থাকা ফুটবলারদের কাছে এটা এক বিরাট সুযোগ।’ ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, ‘ভারতের মাটিতে ব্রাজিলকে স্বাগত জানাতে পারাটা একটা অসাধারন ব্যাপার। ভারতীয় ফুটবলে সেটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’