সুপার সিক্সে উঠতে পারবে কিনা, একসময় আশঙ্কা তৈরি হয়েছিল। আর সেই ইস্টবেঙ্গলই এখন কলকাতা প্রিমিয়ার ডিভিশনের লিগ টেবিলে একনম্বরে। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ৪–০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের দুই গোলদাতা সায়ন ব্যানার্জি ও পিভি বিষ্ণু।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৫
Share on:
সুপার সিক্স নিয়ে একসময় আশঙ্কা তৈরি হয়েছিল। আর সেই ইস্টবেঙ্গলই এখন কলকাতা প্রিমিয়ার ডিভিশনের লিগ টেবিলে একনম্বরে। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ৪–০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। জোড়া গোল পিভি বিষ্ণুর৷ একটা করে গোল মনোতোষ মাজি এবং সায়ন ব্যানার্জির। জর্জকে হারিয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্টে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।
সুপার সিক্সের ওঠার লড়াইয়ে এদিন জর্জ টেলিগ্রাফ ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনও ঝুঁকি নিতে চাননি লাল–হলুদ কোচ বিনো জর্জ। সিনিয়র দলের ৬ ফুটবলারকে এদিন প্রথম একাদশে রেখেছিলেন। পিভি বিষ্ণু, সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদারদের শুরু থেকেই নামিয়ে দেন। যথারীতি প্রথম থেকেই ম্যাচের দাপট ছিল লাল–হলুদের হাতে। অসংখ্য গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু প্রথমার্ধে তিনকাঠি ভেদ করতে পারেননি বিষ্ণু, ডেভিডরা। এর মধ্যে দু–দুবার জর্জকে বাঁচিয়ে দেয় পোস্ট ও বার।
আক্রমণে আরও গতি নিয়ে আসতে দ্বিতীয়ার্ধে অফফর্মে থাকা এডমুন্ডকে তুলে সায়ন ব্যানার্জিকে নামান ইস্টবেঙ্গল কোচ। আনন্থুর জায়গায় ভানলালপেকা গুইতে, আর বিজয় মুর্মুর বদলে শ্যামল বেসরা৷ এই তিনটি পরিবর্তনেই বদলে যায় ইস্টবেঙ্গল। আক্রমণে আরও গতি আসে। অবশেষে ৬৮ মিনিটে ডেডলক ভাঙেন পিভি বিষ্ণু। গুইতের সেন্টারে ডেভিডের হেড জর্জ টেলিগ্রাফ গোলকিপার চাপড়ে সামনে ফেলেন। সেই বল জালে পাঠান বিষ্ণু৷
৭৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ডেভিড। ৮৩ মিনিটে গুইতের পাস থেকে বল পেয়ে বাঁপায়ের জোরালো শটে ২–০ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা সায়ন ব্যানার্জি। শেষদিকে আরও জ্বলে ওঠে উস্টবেঙ্গল। ৮৭ মিনিটে মনোতোষ মাজির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পিভি বিষ্ণু। ম্যাচের ইনজুরি সময়ে চতুর্থ গোল মনোতোষের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.