দুর্বল শ্রীনিধি ডেকান এফসি–কে ৪ গোলে উড়িয়ে শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
দুর্দান্ত জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল লাল–হলুদ ব্রিগেড। দুর্বল প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি–কে হারাল ৪–০ ব্যবধানে। ইস্টবেঙ্গলের হয়ে গোল চারটি করেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহদাদ ও জিকসন সিং।
গোলের পর ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৮, ২০২৫
Share on:
ডুরান্ড কাপে দুর্দান্ত শুরু করেও খেতাব আসেনি। শিল্ডে কি ভাগ্য বদল হবে ইস্টবেঙ্গলের? সময়ই বলবে। তবে দুর্দান্ত জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল লাল–হলুদ ব্রিগেড। দুর্বল প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি–কে হারাল ৪–০ ব্যবধানে। ইস্টবেঙ্গলের হয়ে গোল চারটি করেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহদাদ ও জিকসন সিং।
দ্বিতীয় সারির দল নিয়ে শিল্ড খেলতে এসেছে শ্রীনিধি এফসি। দলে কোনও সিনিয়র ফুটবলার নেই। মূলত তরুণদের দিয়েই দল গড়া। নেই কোনও বিদেশি। এইরকম দলের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই মাঠে নেমেছিলেন লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। শ্রীনিধি কতক্ষণ ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড় আটকাতে পারে, সেটাই ছিল দেখার। ৮ মিনিটের মধ্যেই শ্রীনিধির জালে বল ঢুকিয়েছিলেন হামিদ আহদাদ। যদিও অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
লাল–হলুদের হয়ে প্রথম গোলটি করেন জয় গুপ্তা। ২১ মিনিট। মিগুয়েল ফিগুয়েরার ফ্রিকিক আংশিক প্রতিহত করেন শ্রীনিধি গোলকিপার ফয়জল। ফিরতি বল ফাঁকায় পেয়ে যান জয়। জালে ঠেলতে কোনও সমস্যা হয়নি। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান সল ক্রেসপো। বিপিন সিংয়ের সেন্টারে হেডে গোল করেন। প্রথমার্ধে আরও বেশ কয়েকটা গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ব্যবধান বাড়তে দেননি শ্রীনিধি গোলকিপার ফয়জল। গোটা ম্যাচে বেশ কয়েকটা নিশ্চিত গোল বাঁচান।
শ্রীনিধি কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। বুঝে গিয়েছিলেন লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। তাই দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা পরিবর্তন করেন। তাতেও ২ গোল। ৪৮ মিনিটে ৩–০ করেন হামিদ। এবারও গোলের কারিগড় সেই বিপিন সিং। ৫২ মিনিটে চতুর্থ গোল পরিবর্ত হিসেবে মাঠে নামা জিকসন সিংয়ের। সল ক্রেসপোর কর্নার থেকে দারুণ হেডে ৪–০ করেন জিকসন। ৪ গোলে জিতলেও এদিন যেভাবে গোলের সুযোগ নষ্ট করলেন ক্রেসপো, বিপিন, হামিদরা, অস্কার ব্রুজোকে কিন্তু চিন্তায় থাকতে হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.