ট্রেন্ডিং

AFC Women's Champions League 2025-26

লাল–হলুদের মান বাঁচাচ্ছে নারীশক্তি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে হারাল ইসস্টবেঙ্গল

হিলাদের আই লিগ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। সেখানেও দাপট। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসি–কে হারাল ১–০ ব্যবধানে।

গোলের পর ফাজিলা ইকুয়াপুটের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৫
Share on:

পুরুষদের ফুটবলে ইস্টবেঙ্গল যেখানে অন্ধকারে, আলোর পথ দেখাচ্ছে নারীশক্তি। এবছর মহিলাদের আই লিগ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। সেখানেও দাপট। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসি–কে হারাল ১–০ ব্যবধানে। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন উগান্ডার জাতীয় দলের স্ট্রাইকার ফাজিলা ইকুয়াপুট।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। একাধিক সুযোগ তৈরি করেও তিনকাঠি ভেদ করতে পারছিলেন না লাল–হলুদ ফুটবলাররা। বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেন সৌম্যা গুগুলথ, ফাজিলা ইকুয়াপুট, সুলঞ্জনা রাউল, রেস্টি নানজিরিরা। সৌম্যার সেন্টার থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েও গোলে রাখতে পারেননি ফাজিলা। বিপক্ষ গোলকিপারকে সামনে একা পেয়েও ব্যর্থ হন সুলঞ্জনা। ৪২ মিনিটে নম পেন ক্রাউনের জালে ফাজিলা বল ঢোকালেও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। নম পেনও শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তার মাঝেই গোলের অসংখ্য সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে দলকে স্বস্তি এনে দেন ফাজিলা। ডানদিক থেকে রেস্টি নানজিরি বক্সের মধ্যে দুর্দান্ত বল বাড়িয়েছিলেন। বিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে চলতি বলে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান ফাজিলা। ৮৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল নম পেন ক্রাউন। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন নম পেনের গোলকিপার। 


আরও পড়ুনঃ চোট সারিয়ে প্রত্যাবর্তনেই বাজিমাত, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই চানু


গোল করে দলকে জেতাতে পারে খুশি ফাজিলা। তিনি বলেন, ‘‌দলকে জেতাতে পেরে ভাল লাগছে। সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ।’‌ ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ বলেন, ‘‌প্রচুর গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। নম পেন আমাদের ফুটবলারদের কাজ কঠিন করে তুলেছিল। ওরা দুর্দান্তভাবে রক্ষণ সামলেছে। তবে আমাদের মেয়েরা দুর্দান্ত খেলেছে।’‌ ৩১ আগস্ট গ্ৰুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে হংকংয়ের কিচি এসসি। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora