আলটিন আসিরের কাছে প্লে–অফ ম্যাচে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর মূলপর্বে খেলার স্বপ্নপূরণ হয়নি ইস্টবেঙ্গলের। তবে এশিয়ান পর্যায়ে খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি। চলতি মরশুমে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলবে লাল–হলুদ ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগে অপেক্ষাকৃত সহজ গ্রুপে ইস্টবেঙ্গল।
বৃহস্পতিবারই অনুষ্ঠিত হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বিন্যাস। ১৮টি দলকে ৫টি গ্রুপে রাখা হয়েছে। ৫টি গ্রুপ সেরা দল ও সেরা তিনটি রানার্স দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ওয়েস্ট জোনে সহজ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। ‘এ’ গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভূটানের পারো এফসি। সহজ গ্রুপে পড়লেও এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলগুলি কিন্তু নিজেদের দেশের লিগ চ্যাম্পিয়ন। যেমন ২০২৩–২৪ মরশুমে লেবানিজ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছে নেজমেহ এসসি। বসুন্ধরা কিংস বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন। অন্যদিকে, পারো এফসি আবার ভূটানের লিগ চ্যাম্পিয়ন।
সহজ গ্রুপে পড়লেও ইস্টবেঙ্গলের আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কারণ গতবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছেই হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। ফিফা র্যাঙ্কিংয়ে লেবানন ভারতের থেকে পিছিয়ে থাকলেও নেজমেহ এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী। ২০১০ সালে এএফসি কাপের গ্রুপ পর্যায়ে নেজমেহ–র কাছে অ্যাওয়ে ম্যাচে ৩ ও ঘরের মাঠে ৪ গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। ভূটানের পারো এফসি তুলনামূলকভাবে অনেকটাই সহজ প্রতিপক্ষ। নিজেদের সেরা ছন্দে থাকলে ইস্টবেঙ্গলের পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে কোনও সমস্যা হবে না।
এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে ভূটানের পারো এফসি। ২৬ অক্টোবর লিগ পর্ব শুরু হবে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। গ্রুপে প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ৫ থেকে ১৩ মার্চের কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে দুই লেগে, ৯ ও ১৭ এপ্রিল। ১০ মে এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনাল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.