ট্রেন্ডিং

Durand Cup 2025

দুর্বল সাউথ ইউনাইটেডকে ৫ গোলে উড়িয়ে ডুরান্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫–০ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু শুরু করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় যদিও এদিন সেভাবে পরীক্ষিত হল না লাল-হলুদ ব্রিগেড।

বড় ব্যবধানে জিতলেও আহামরি ফুটবল খেলেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৫
Share on:

ডুরান্ড অভিযানের শুরুতেই অচেনা প্রতিপক্ষ। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো একটু বেশিই সতর্ক ছিলেন। তাঁর আশঙ্কা যে অমূলক প্রমাণ হয়ে গেল। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫–০ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু শুরু করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় যদিও এদিন সেভাবে পরীক্ষিত হল না লাল-হলুদ ব্রিগেড।

প্রথম ম্যাচে দুই বিদেশি নিয়ে দল সাজিয়ে ছিলেন। মাঝমাঠে রেখেছিলেন সল ক্রেসপো ও মহম্মদ রশিদকে। আক্রমণভাগে দুই স্বদেশি পিভি বিষ্ণু ও ডেভিড। শুরুতেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে গোল লক্ষ্য করে বাঁপায়ে শট নিয়েছিলেন মহেশ সিং। ডানদিকে ঝাঁপিয়ে বাঁচান সাউথ ইউনাইটেড গোলকিপার। ১০ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। এডমুন্ড লালরিনডিকার শট গোললাইনে দাঁড়ানো ডেভিডের গায়ে লেগে ফিরে আসে।

যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন লালচুংনুঙ্গা। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। বিষ্ণুর সেন্টার ৬ গজ বক্সের মাথা থেকে বাইরে হেড করেন সল ক্রেসপো। যদিও ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ২ মিনিট পরেই ডেভিডকে বক্সের মধ্যে ফাউল করেন সাউথ ইউনাইটেডের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টি নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সল ক্রেসপো। ২ মিনিট পরেই পিভি বিষ্ণুর একটা শত পোস্টে লেগে ফিরে আসে। না হলে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল।


দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত ছিল। বেঙ্গালুরুর দলটি মূলত রক্ষণের দিকেই বেশি নজর দিয়েছিল। সাউথ ইউনাইটেডের রক্ষণব্যূহ ভেদ করতে পারছিলেন না ইস্টবেঙ্গল ফুটবলাররা। একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ডেভিডের জায়গায় দিমিত্রিওস দিয়ামানতাকোস, সল ক্রেসপোর জায়গায় জিকসন সিং ও বিষ্ণুর জায়গায় নন্দকুমারকে মাঠে নামান। শেষদিকে এডমুন্ডের জায়গায় বিপিন সিং ও আনোয়ার আলির পরিবর্তে প্রভাত লাকরাকে নামান লাল-হলুদ কোচ। 

লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল পেলেন বিপিন সিং। ৮১ মিনিটে দিয়ামানতাকোসের পাস থেকে ডানপায়ের কোনাকুনি শটে গোল করেন বিপিন। ৮৮ মিনিটে ফ্রিকিক থেকে চতুর্থ গোলটি করেন দিমিত্রিওস দিয়ামানতাকোস। পরের মিনিটেই বিপিন সিংয়ের কর্নার থেকে ৫-০ করেন মহেশ সিং।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora