দেশের জার্সিতে ৫০ গোল, ইতিহাসে বালা দেবী, পাকিস্তানকে উড়িয়ে সাফ অভিযান শুরু ভারতের
পাকিস্তানকে ৫–২ ব্যবধানে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন গ্রেস ডাংমেই। এদিন গোল করে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ৫০টি গোলের মালিক হয়ে ইতিহাসে ঢুকে গেলেন বালা দেবী।
৫০তম মাইলস্টোনের গোলের পর উচ্ছ্বাস বালা দেবীর।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২৪
Share on:
মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানে বিরুদ্ধে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় দলের অধিনায়ক আশালতা দেবী। দলের অধিনায়কের মাইলস্টোনের ম্যাচ দারুণভাবে স্মরণীয় করে রাখলেন সতীর্থরা। পাকিস্তানকে ৫–২ ব্যবধানে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন গ্রেস ডাংমেই। এদিন গোল করে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ৫০টি গোলের মালিক হয়ে ইতিহাসে ঢুকে গেলেন বালা দেবী।
মহিলাদের সাফ ফুটবলে বরবারই দাপট দেখিয়ে এসেছে ভারত। ৫ বারের চ্যাম্পিয়ন। কিন্তু গতবছর ফাইনালে উঠতে পারেনি। নেপালের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। খেতাব পুনরুদ্ধারের জন্য এবার যে মরিয়া, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তার নমুনা পাওয়া গেছে। গ্রুপ লিগের প্রথম ম্যাচেই পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেছিল ভারত। ৫ মিনিটেই এগিয়ে যায়। বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন গ্রেস ডাংমেই। ১৭ মিনিটে বালা দেবীর পাস থেকে ২–০ করেন মনীষা কল্যান। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান বালা দেবী। দেশের হয়ে এটা ৫০ নম্বর গোল বালা দেবীর। ৪২ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন গ্রেস ডাংমেই। প্রথমার্ধের ইনজুরি সময়ে পাকিস্তানের হয়ে ব্যবধান কমান সুহা হিরানি। বিরতির সময় ভারত ৪–১ ব্যবধানে এগিয়েছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। ৪৭ মিনিটে ব্যবধানও কমায়। কায়লা সিদ্দিকি গোল করেন। এরপর একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও কাজের কাজ কিছু করতে পারেনি পাকিস্তান। উল্টে ম্যাচের ৭৮ মিনিটে ভারতের হয়ে ৫ নম্বর গোলটি করেন জ্যোতি চৌহান। পাকিস্তানের বিরুদ্ধে গোল করে ইতিহাসে ঢুকে গেলেন বালা দেবী। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ৫০টি গোল করলেন। ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ড্র করলেই সেমিফাইনাল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.