দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মহমেডান, ডুরান্ড কাপের পর এবার কলকাতা লিগেও প্রথম জয়
● ভাগ্যের চাকাটা সেদিন যেন বদলে গেছে মহমেডানের।
● কলকাতা লিগেও প্রথম জয় তুলে নিল সাদা–কালো ব্রিগেড।
● সাদার্ন সমিতিকে ২–১ ব্যবধানে হারাল মহমেডান।
গোলের পর ম্যাক্সিয়নকে অভিনন্দন সতীর্থদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫
Share on:
কলকাতা লিগ, ডুরান্ড কাপে একের পর এক ম্যাচে হার। দলের পরাজয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন সমর্থকরা। অবশেষে ডুরান্ড কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে বিএসএফের বিরুদ্ধে মরশুমের প্রথম জয় তুলে নেয় সাদা–কালো ব্রিগেড। ভাগ্যের চাকাটা সেদিন থেকেই যেন বদলে গেছে মহমেডানের। এবার কলকাতা লিগেও প্রথম জয় তুলে নিল সাদা–কালো ব্রিগেড। সাদার্ন সমিতিকে ২–১ ব্যবধানে হারাল মহমেডান।
কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে মহমেডান। প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ফলও পেয়ে যায়। ম্যাচের ৬ মিনিটেই ম্যাক্সিয়নের গোলে এগিয়ে যায় মহামেডান। ডুরান্ড কাপে বিএসএফের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ম্যাক্সিয়ন। এবার কলকাতা লিগে সাদার্ন সমিতির বিরুদ্ধেও জয়ের ভিত গড়ে দেন। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মহমেডান। একের পর এক সুযোগও তৈরি হয়। কিন্তু তিনকাঠি ভেদ করতে ব্যর্থ হন সাদা–কালো স্ট্রাইকাররা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে মহমেডান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সাদার্ন সমিতি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। সাদার্নের আক্রমণের চাপে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মহমেডান রক্ষণকে বেশ বিব্রত মনে হচ্ছিল। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় সোয়েল আলি ওয়াহাবের গোলে সমতা ফেরায় সাদার্ন। সমতা ফেরার পরে মহমেডান আবার ম্যাচে ফিরে আসে। আবার সংগঠিত ফুটবল খেলে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। ম্যাচের ৭৪ মিনিটে শুভেন্দু মালিক মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন। বাকি সময় মরিয়া হয়ে উঠলেও সমতা ফেরাতে পারেনি সাদার্ন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.