এএফসি–র বিচারে ‘অভূতপূর্ব পরিস্থিতি’, ইরানের খেলতে না যাওয়ায় জরিমানার মুখে পড়তে হচ্ছে না, স্বস্তি মোহনবাগানে
ইরানে খেলতে না যাওয়ায় শাস্তির ছায়া নেমে আসতে পারে, মোহনবাগানের সামনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে স্বস্তি। কোনও শাস্তি পেতে হচ্ছে না মোহনবাগানকে। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এএফসি।
কোনও শাস্তি পেতে হচ্ছে না মোহনবাগানকে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ০২, ২০২৪
Share on:
অক্টোবরের শুরুতেই তাবরিজে ট্রাক্টর এফসি–র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু সেই সময় ইরানের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাবরিজ যায়নি মোহনবাগান। ইরানে খেলতে না যাওয়ায় শাস্তির ছায়া নেমে আসতে পারে, মোহনবাগানের সামনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে স্বস্তি। কোনও শাস্তি পেতে হচ্ছে না মোহনবাগানকে। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এএফসি।
ইজরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ায় অক্টোবরের শুরুতে ইরানে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছিল। ইজরায়েলের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান। যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কা করেই ইরানে খেলতে যায়নি মোহনবাগান। আশঙ্কার কথা জানিয়ে এএফসিকে চিঠিও দেওয়া হয়েছিল। ফুটবলাররা ক্লাবকে চিঠি দিয়েছিলেন, তাঁরা ইরানে খেলতে যেতে রাজি নয়। সেই চিঠির প্রতিলিপিও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাতেও কোনও সদুত্তর দেয়নি এএফসি। এএফসি–র কাছে ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়েছিল। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ট্রাক্টর এফসি–কে ৩ পয়েন্টের সঙ্গে ৩ গোল দেওয়া হয়।
আশঙ্কা করা হয়েছিল ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগানকে নির্বাসন ও জরিমানার মুখে পড়তে হতে পারে। যাবতীয় আশঙ্কা আপাতত দুর হয়ে গিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–র নিয়মের ৫.৭ ধারা অনুযায়ী মোহনবাগানকে আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে না। তবে ৫.৫ ও ৫.৬ ধারা অনুযায়ী ‘অভূতপূর্ব পরিস্থিতি’ তৈরি হলেও এই মরশুমে আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–র ম্যাচ আর খেলতে পারবে না। মোহনবাগানের পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করে পুরো বিষয়টি উল্লেখ করা হয়েছে। মোহনবাগানের ইরানে খেলতে না যাওয়ার ঘটনাটি ‘অভূতপূর্ব পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি কম্পিটিশন কমিটি। ফলে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে না মোহনবাগানকে। তবে এবছর আর প্রতিযোগিতায় খেলতে পারবে না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.