পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, বছরের শেষ ম্যাচেও জয় মোহনবাগান সুপার জায়ান্টের
আগে বহু ম্যাচে পিছিয়ে পড়েও জিতে মাঠ ছেড়েছে সবুজমেরুন ব্রিগেড। পাঞ্জাব এফসি–র বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। পিছিয়ে পড়েও পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল মোহনবাগান। ম্যাচের ফল ৩–১।
মোহনবাগানের প্রত্যাবর্তনের নায়ক, জোড়া গোল আলবার্তো রডরিগেজের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪
Share on:
পিছিয়ে পড়লেও ইদানিং মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা আর টেনশনে ভোগেন না। কারণ, দলে রয়েছেন একাধিক গোল করার লোক। কোনও না কোনও সময় গোল করে ঠিক ম্যাচ বার করে দেবেন। আগে বহু ম্যাচে পিছিয়ে পড়েও জিতে মাঠ ছেড়েছে সবুজমেরুন ব্রিগেড। পাঞ্জাব এফসি–র বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি। পিছিয়ে পড়েও পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল মোহনবাগান। ম্যাচের ফল ৩–১। জোড়া গোল করলেন আলবার্তো রডরিগেজ। পেনাল্টি থেকে একটা গোল জিমি ম্যাকলারেনের।
দিল্লির ধোঁয়াশা আবহাওয়ার মতোই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে জঘন্য ফুটবল মোহনবাগানের। জার্সি দেখে চিনতে হচ্ছিল ম্যাকলারেন, জেসন কামিংসদের। দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট না থাকায় আক্রমণভাগে এই দুই বিদেশিকে দিয়েই শুরু করেছিলেন সবুজমেরুন কোচ হোসে মোলিনা। দুই প্রান্তে যথারীতি লিস্টন কোলাসো ও মনবীর সিং। প্রথমার্ধে জঘন্য ফুটবল। বরং শুরু থেকেই উদ্দীপ্ত মনে হচ্ছিল পাঞ্জাব এফসি–কে। ৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। বক্সের বাইরে থেকে দুরন্ত শট নিয়েছিলেন নিখিল প্রভু। বল বারে লেগে ফিরে আসে।
যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঞ্জাবকে। ১২ মিনিটে মোহনবাগানের মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে গড়ানো শট নেন রিকি শাবং। বাগান গোলকিপার বিশাল কাইথের দু’পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে যায়। রিকি যখন বল নিয়ে বক্সে ঢুকে এগিয়ে যাচ্ছিলেন, দর্শকের ভূমিকায় মোহনবাগান ডিফেন্ডাররা। প্রথমার্ধে মোহনবাগানের বলার মতো সুযোগ একেবারে শেষদিকে কামিংসের ফ্রিকিক। যদিও ফিস্ট করে বাঁচিয়ে দেন পাঞ্জাব গোলকিপার রবিকুমার।
বিরতির পর অবশ্য বদলে যায় মোহনবাগান। ৪৮ মিনিটে সমতা ফেরানোর গোলটা আসে সেটপিস থেকে। জেসন কামিংসের কর্নারে হেডে গোল করেন আলবার্তো রডরিগেজ। ৫১ মিনিটে লালকার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে পাঞ্জাবের ভিদাল বেরিয়ে যাওয়ায় সুবিধা হয়ে যায় মোহনবাগানের। বিপক্ষকে ১০ জনে পেয়ে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে মোহনবাগান। ৬৪ মিনিটে অনিরুদ্ধ থাপাকে আটকাতে বক্সের মধ্যে ফাউল করেন মেলরয়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। ৬৯ মিনিটে অনিরুদ্ধর সেন্টার থেকে হেডে ৩–১ করেন আলবার্তো। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে বছর শেষ করল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ২৪।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.