ভবানীপুরের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছিল মোহনবাগান। আইএসএলে খেলা আমনদীপ, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা দলকে জয় এনে দিতে ব্যর্থ। অথচ ভবানীপুরের বিরুদ্ধে দারুণ শুরু করেছিল মোহনবাগান। প্রথম থেকেই দাপট ছিল সবুজমেরুন ব্রিগেডের। ম্যাচের ৮ মিনিটে শিবাজিৎ সিংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত ফ্রিকিকে গোল করেন শিবাজিৎ। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধারা বজায় রেখেছিল। কিন্তু ব্যবধান বাড়াতে পারছিল না। উল্টে ম্যাচের ২৮ মিনিটে সমতা ফেরায় ভবানীপুর। একসময় বড় ক্লাবে খেলা জিতেন মুর্মু মোহনবাগান রক্ষণের ভুলে বল পেয়ে যান। প্রথমে ঠিকভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে যান তিনি।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ঝাঁঝ বাড়ে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বৃষ্টি ভেজা মাঠে দুর থেকে গোল লক্ষ্য করে শট নিতে থাকেন মোহনবাগান ফুটবলাররা। কিন্তু পরিবর্ত হিসেবে মাঠে নামা ভবানীপুরের অভিজ্ঞ গোলকিপার প্রিয়ন্ত সিংকে পরাস্ত করতে পারেনি। ভবানীপুরও বেশ কয়েকবার ভাল আক্রমণ তুলে নিয়ে এসেছিল। তারাও গোলমুখ খুলতে ব্যর্থ হয়। এদিন বৃষ্টিভেজা মাঠে দুই দলের বেশ কয়েকজন ফুটবলার চোট পান। প্রথমার্ধে ভবানীপুরের সফিউল রহমান এমন চোট পান যে, তাঁকে মাঠের মধ্যেই সিপিআর দিতে হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.