ট্রেন্ডিং

ISL 2024-25

২ গোলে এগিয়ে গিয়েও জয় অধরা মোহনবাগানে, ১০ জনে খেলেও মোলিনার দলকে আটকে দিল মুম্বই

আইএসএলে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আরব সাগরের তীরে এসে আটকে গেল পালতৌলা নৌকা। মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে ‌২ গোলে এগিয়ে গিয়ে জয় অধরা থেকে গেল সবুজ–মেরুন ব্রিগেডের। আটকে গেল হোসে মোলিনার দল। ম্যাচের ফল ২–২।

সমতা ফেরানোর পর মুম্বই সিটি এফসি–র ফুটবলারদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০১, ২০২৫
Share on:

আইএসএলে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আরব সাগরের তীরে এসে আটকে গেল পালতৌলা নৌকা। মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে ‌২ গোলে এগিয়ে গিয়ে জয় অধরা থেকে গেল সবুজ–মেরুন ব্রিগেডের। আটকে গেল হোসে মোলিনার দল। ম্যাচের ফল ২–২। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় ১০ জনে খেলেও মোহনবাগানকে আটকে দিয়ে সুপার সিক্সের দিকে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের কাজ। 

ঘরের মাঠে এদিন দাপটের সঙ্গেই শুরু করেছিল মুম্বই সিটি এফসি। বল দখলের লড়াইয়েও মোহনবাগান সুপার জায়ান্টের থেকে এগিয়ে ছিল মুম্বই। একাধিক গোলের সুযোগ তৈরি করেও তিনকাঠি ভেদ করতে পারছিল না। খেলার গতির বিরুদ্ধে ৩২ মিনিটে মুম্বই রক্ষণের ভুল কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ভ্যান নিফের ভুল ব্যাকপাস ধরে চলতি আইএসএলে নিজের ১১ নম্বর গোলটি করে ফেললেন । এরপর ৪২ মিনিটে দ্বিতীয় গোল। লিস্টন কোলাসোর শট লাচেনপার হাত থেকে ছিটকে বেরোলে ফিরতি বল জালে পাঠান পেত্রাতোস। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মুম্বই। ম্যাচের ৫৭ মিনিটে জন টোরালের গোলে ব্যবধান কমায় মুম্বই সিটি। ব্যবধান কমানোর পরই বন ধাক্কা খায় মুম্বই। জঘন্য ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিক্রম প্রতাপ সিং। ১০ জন হয়ে গেলেও দাপট কমেনি মুম্বইয়ের। বরং একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে মোহনবাগান রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। ৮৯ মিনিটে নাথান রদ্রিগেজের গোলে সমতা ফেরায় মুম্বই। এই ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্টে পৌঁছে গেল মুম্বই। বাকি ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই প্লে–অফ নিশ্চিত হয়ে যাবে মুম্বইয়ের। 


এই মুহূর্তে মুম্বই রয়েছে পাঁচ নম্বরে। ছয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসির ঝুলিতে ৩২ পয়েন্ট। নর্থইস্টের খেলা বাকি সোমবার চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে, তারপর নিজেদের মাঠে ৮ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

ইস্টবেঙ্গল কাল নিজেদের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল যদি কাল পয়েন্ট নষ্ট করে তাহলে প্লে–অফের দৌড় থেকে ছিটকে যাবে। ইস্টবেঙ্গলের পক্ষে সবচেয়ে সুবিধা হবে যদি নর্থইস্ট দুটি ম্যাচেই হারে। সাতে থাকা ওডিশা এফসির রয়েছে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট। ওডিশা শেষ ম্যাচ খেলবে ৫ মার্চ জামশেদপুরে, জামশেদপুর এফসির বিরুদ্ধে। ফলে যা পরিস্থিতি তাতে ষষ্ঠ স্থানটির জন্য এখনও খাতায়কলমে লড়াইয়ে রয়েছে তিনটি দল। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora