ট্রেন্ডিং

Thomas Muller

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম কান্ডারি টমাস মুলার। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।

টমাস মুলার

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪
Share on:

দেশের মাঠে ইউরো কাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নপূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছের কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি দাঁড়াল। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম কান্ডারি টমাস মুলার। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি। 

ভিডিও বার্তায় টমাস মুলার বলেন, ‘‌দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছি। ৪৫টি গোল করেছি। এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি। ১৪ বছর আগে যখন দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলাম, এত ম্যাচ খেলার স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে পারাটা আমার কাছে সবসময় গর্বের।’‌ মুলার আরও বলেন, ‘‌দেশের হয়েছে বেশ কয়েকটা ম্যাচে যেমন খারাপ হারের মুখে পড়েছি, তেমনি দুর্দান্ত জয়ও পেয়েছি। অসাধারণ সতীর্থদের সঙ্গে সেরা ফুটবলারদের বিরুদ্ধে লড়াই করেছি। দেশের হয়ে খেলার অবিস্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। সমর্থকদের দারুণ ভালবাসা পেয়েছি। সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’‌ 


আরও পড়ুনঃ লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার কোপা জিতল আর্জেন্টিনা


আরও পড়ুনঃ খেতাব ধরে রাখতে পারল না ইংল্যান্ড, একযুগ পর আবার ইউরোপ সেরা স্পেন


২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিষেক হয় টমাস মুলারের। ওই বছর বিশ্বকাপে জার্মানিকে সেমিফাইনালে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ৫টি গোল করে সোনার বুট পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেক গোল ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল মুলারের। বিশ্বকাপে মোট ৫টি গোল করেছিলেন। পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। সেমিফাইনালে ব্রাজিলকে ৭–১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল জার্মানি। সেই ম্যাচেও গোল করেছিলেন মুলার। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেললেও গোল পাননি। 

১৪ বছরের আন্তর্জাতিক ফুটবলজীবনে ১৩১টি ম্যাচ খেলেছেন টমাস মুলার, যা দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ। জার্মানির হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন লোথার ম্যাথাউজ। তাঁর পরেই রয়েছেন মিরোস্লাভ ক্লোজে। ক্লোজে খেলেছেন ১৩৭টি ম্যাচ। এবছর ইউরো কাপে স্পেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল দেশের জার্সিতে মুলারের শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবল খেলে যাবেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora